জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল পুলিশ ফাঁড়ি। অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্য ছিল এই স্থাপনার। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন; দীর্ঘ ১১ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে সেই পুলিশ ফাঁড়ি। বর্তমানে সেখানে মাদকসেবীদের আড্ডা চলে এবং নিয়মিত ঘটে যাচ্ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।
কুমিল্লা নগরের পরিকল্পিত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে ১৯৯০ সালে এই পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়। তবে ২০১৫ সালে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুলিশ ফাঁড়িটির চারপাশ এখন ঘন ঝোপঝাড় ও জঙ্গলে ঘেরা। ভবনের বেশ কয়েকটি জানালা চুরি হয়ে গেছে এবং ভেতরের বিভিন্ন কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মাদক সেবনের নানা সরঞ্জাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসনের জন্য ১৯৬১-৬২ সালে প্রায় ১০৩ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় কুমিল্লা হাউজিং এস্টেট। এই জনপদের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৯৯০ সালে পুলিশ ফাঁড়িটি স্থাপন করা হয়েছিল।
এই আবাসিক এলাকায় মোট ৫৬০টি প্লট এবং প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে খেলার মাঠ ও একটি দিঘি। এছাড়া এখানে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের কার্যালয় এবং কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এত বিপুল জনবসতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ফাঁড়িটি অকেজো হয়ে থাকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
তাদের অভিযোগ, সন্ধ্যার পর ফাঁড়ির পাশের খেলার মাঠ, দিঘি ও পরিত্যক্ত ভবন ঘিরে বহিরাগত এবং মাদকসেবীদের অবাধ বিচরণ শুরু হয়। এমনকি অপরাধীদের যাতায়াতের দৃশ্য যেন ধরা না পড়ে, সেজন্য দুর্বৃত্তরা ফাঁড়ির সামনের একটি বহুতল ভবনের সিসিটিভি ক্যামেরাও চুরি করে নিয়ে গেছে।
হাউজিং এস্টেটের প্লটের মালিক সালাউদ্দিন বলেন, “২০১৫ সালে পুলিশ ফাঁড়িটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েকবার পুনরায় চালুর উদ্যোগের কথা শোনা গেলেও আর সচল হয়নি। বর্তমানে এখানে মাদকের আড্ডা, ছিনতাই ও ফ্ল্যাটে চুরির ঘটনা অহরহ ঘটছে। কাগজে-কলমে এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে, কিন্তু সেটির কার্যক্রম নেই। ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কা নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে।”
আরেক বাসিন্দা খাইরুল খান বলেন, “পরিত্যক্ত পুলিশ ফাঁড়িটি এখন মাদকের আড্ডার জায়গায় পরিণত হয়েছে। এত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি করা হলেও আমরা এর সুফল পাচ্ছি না। ফাঁড়িটি দ্রুত চালু করা হলে এলাকার মানুষের নিরাপত্তাহীনতা কমবে।”
সাবেক কাউন্সিলর সেলিম খাঁন বলেন, “পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা প্রয়োজন। একই সঙ্গে ভবন ও আশপাশের মাঠে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, নিয়মিত পুলিশি টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। তা না হলে আবাসিক এলাকার পরিবেশ ও নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।”
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, “পুলিশ ফাঁড়ির ভবনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের মতো অর্থ থানা বা জেলা পুলিশের কাছে নেই। মাঠে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনার তথ্য তাদের কাছে আসে। সেখানে প্রায়ই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অন্যদিকে, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “পুলিশ হেডকোয়ার্টার থেকে ফাঁড়িটি চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনটি মেরামত করা হবে। এটি পরিত্যক্ত নয়, কয়েক দিনের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। সেখানে মাদক সেবনের বিষয়টি আগে তার জানা ছিল না। এখন থেকে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল দেওয়া হবে।”