টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে অর্থ আদায়ের বা চাঁদাবাজির অভিযোগে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে তাঁদের এই নির্দেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশের হাতে বুঝিয়ে দেন।

আদালতে প্রেরিত ওই চার সাংবাদিক হলেন— দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) এবং সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান। সেখানে কয়েকজন ব্যক্তিকে মাদক সেবন করতে দেখে তাঁরা সেই ঘটনার ভিডিও ধারণ করেন। অভিযোগ উঠেছে, ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁরা মাদকসেবীদের কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে মাদকসেবীরা তাঁদের আট হাজার টাকা প্রদান করেন। তবে বাকি টাকা দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হলে মাদকসেবীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এরপর স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ এলাকাবাসী ওই চার সাংবাদিককে আটক করে দেওবাড়ী বাজারে নিয়ে যান। এসময় তাঁদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে নেওয়ার আগে সাংবাদিক মোর্শেদ খান মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে মবের শিকার হয়েছি। আমরা চাঁদাবাজি করিনি।’

অন্যদিকে, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘মাদকসেবীরা নিঃসন্দেহে অপরাধী। কিন্তু তাঁদের পুলিশের কাছে না দিয়ে কেন তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলো? সাংবাদিকেরা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন। চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।’

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই চার সাংবাদিককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।