ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে আটক করে বাজারের নোংরা পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করেছেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দাউদুল ইসলাম মিনার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করেন। এরপর আটককৃতদের নিয়ে বক্তারমুন্সী বাজারে আসেন তিনি এবং বাজারের মাঝখানে অবস্থিত দীর্ঘদিনের নোংরা পুকুরটি পরিষ্কারের কাজে লাগিয়ে দেন।

পুকুর পরিষ্কারের কাজে অংশগ্রহণকারী দুই মাদকসেবী হলেন— উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

এ বিষয়ে দাউদুল ইসলাম মিনার জানান, "সকালে দুজন গাঁজা সেবন করছে শুনে আমরা গিয়ে তাদের হাতেনাতে ধরি। সচরাচর মাদকসেবীদের পুলিশে সোপর্দ করলে জামিনে বের হয়ে এসে তারা আবারও একই মাদক কারবারে জড়িয়ে পড়ে। তাই সমাজে সচেতনতা বাড়াতে এবং অন্যদের এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করতেই তাদের দিয়ে বাজারের পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।"