ফেনীর সোনাগাজীতে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্যসচিব মো. আবদুল্লা আল আমীন (৩০) নিখোঁজ হয়ে গেছেন। গত দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ হওয়া আবদুল্লা আল আমীন উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকান এলাকার আলী আজ্জম মৃদ্ধা বাড়ির মৃত আবদুর রশিদের সন্তান। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।

ঘটনাটি সম্পর্কে নিখোঁজ ব্যক্তির চাচি কামরুন নাহার মুক্তকণ্ঠকে জানান, গত ২১ অক্টোবর বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আবদুল্লা আল আমীন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ওই দিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দেখা যায় তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ। তিনি জানান, তার ফোন সাধারণত কখনও বন্ধ থাকে না এবং কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে আবদুল্লা আল আমীনের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় আট বছরের সাজা হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক নোমান মুক্তকণ্ঠকে জানান, আল আমীন দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি আরও বলেন, “তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ফেনী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এই বিষয়ে সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়ম মুমিদ রায়হান মুক্তকণ্ঠকে জানান, “জিডি পেয়েছি। জিডির সূত্র ধরে তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।”