ফেনীর আসাদ বিন আবদুর রহমান নামের এক শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলেও ফল পুনর্নিরীক্ষণের আবেদনে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনীর সোনাগাজী উপজেলার ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, আসাদ বিন আবদুর রহমান বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষার্থী। এসএসসির ফলাফলে কম্পিউটার ট্রেড-২ বিষয়ে তার ফেল হয়। বাংলা বিষয় ছাড়া বাকি সকল বিষয়ে সে এ প্লাস গ্রেড অর্জন করেছিল। পরবর্তীতে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে গত ১০ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সংশোধিত ফলে তিনি উক্ত বিষয়ে জিপিএ-৫ লাভ করেন এবং উত্তীর্ণ হন। এর ফলে তার সামগ্রিক গড় ফলাফল দাঁড়িয়েছে জিপিএ-৫।

শিক্ষার্থীর বাবা মামুন মুক্তকণ্ঠকে জানান, "আমরা জানতাম আমার ছেলে ভালো পরীক্ষা দিয়েছে। তাই পুনরায় নিরীক্ষার আবেদন করেছিলাম। ফলাফল প্রকাশের পর থেকে সংশোধিত ফল পাওয়া পর্যন্ত তাকে ও আমাদের চরম মানসিক দুর্ভোগ ও সামাজিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। বোর্ডের একটি যান্ত্রিক বা প্রশাসনিক ভুলের কারণে একজন মেধাবী শিক্ষার্থীকে অহেতুক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলো।"

এ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল হক মুক্তকণ্ঠকে জানান, "আসাদ বিন আবদুর রহমান ভালো ছাত্র। আমরা জানতাম সে পাস করবে।"

তিনি আরও বলেন, "২০২৬ সালে তাদের স্কুল থেকে ৪৪ জন জেনারেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে পাস করেছে ৩৫ জন। এছাড়া কারিগরি বোর্ডের ৫২ শিক্ষার্থীর মাঝে পাস করেছে ৪৪ জন। মোট পাস করেছে ৭৯ জন।"