জুলাই গণঅভ্যুত্থানের চেতনার দোহাই দিয়ে সেই আন্দোলনের নেতাদের বিচারিক হয়রানির বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম। সংগঠনটির দাবি, বাংলাদেশের ইতিহাসে জুলাইয়ের এই গণঅভ্যুত্থান একটি অত্যন্ত ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, রাজপথে সাহসের সঙ্গে লড়াই করেছেন এবং অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তবে এই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন নেতা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাবন্দি রয়েছেন, যা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব গুরুতর বিষয়গুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা জোরালো ভাষায় দাবি জানান, ‘আমরা দাবি জানাচ্ছি, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ নেই, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন মুহাম্মদ শাহ্ আলম বাদশা। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, ককটেল বিস্ফোরণ, বসতবাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা জননিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা ও ক্ষোভ তৈরি হবে।’
দেশের বর্তমান অস্থিরতা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং রাজনৈতিক সহিংসতার যেসব ঘটনা ও অভিযোগ সামনে আসছে, সেগুলোকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধীদের রক্ষাকবচ হতে পারে না। যারা অতীতে কিংবা বর্তমানে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন অবস্থানের কথা জানিয়ে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, ‘বাংলাদেশ কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কিংবা বিদেশি স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি মনে করিয়ে দেন যে, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদল ছিল না। তিনি বলেন, ‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন চায়নি; তারা রাষ্ট্রব্যবস্থার গুণগত পরিবর্তন চেয়েছে। এমন একটি বাংলাদেশ চেয়েছে, যেখানে অপরাধী রাজনৈতিক আশ্রয় পাবে না, সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি করবে।’
উক্ত সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরামের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহসভাপতি (শহীদ সোহেল রানার ছোট ভাই) আলভি নাবিল হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মহসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠন আবু নোমান এবং আব্দুল আউয়াল রিদয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।