ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের বৃদ্ধ বাবা-মাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের ভরণপোষণের দায়িত্ব পালন না করার অভিযোগে নূর জামাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁর মায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ এই পদক্ষেপ নেয়।
গ্রেপ্তার নূর জামাল ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি আবদুল হাই ও আম্বিয়া খাতুন দম্পতির সন্তান। এই দম্পতির নূর মোহাম্মদ ও রাজিয়া আক্তার নামে আরও দুই সন্তান রয়েছে।
মামলার এজাহারে আম্বিয়া খাতুন তাঁর অভিযোগ তুলে বলেন, ‘আমার স্বামী প্রায় এক বছর ধরে অসুস্থ। ছেলে নূর জামাল আমার বৃদ্ধ ও অসুস্থ স্বামীকে কোনো খাওয়াদাওয়া, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা ও ভরণপোষণ করে না। উল্টো আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে চারটায় মাতাল অবস্থায় সে বলে, “বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারবো না।” এই বলে আমাদেরকে ধাক্কা দিয়ে, লাঠি দিয়ে মারধর করে জখম করে ঘর থেকে বের করে দেয় এবং থাকার ঘর ভাঙচুর করে।’
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, নূর জামাল পেশায় একজন চা-দোকানি। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় দোকান পরিচালনা করেন। এর আগে তিনি ঢাকায় চায়ের দোকান চালাতেন এবং অটোরিকশা চালনা করতেন। তবে আট-নয় মাস আগে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। তাঁর স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত হয়ে তিনি পরিবারে অশান্তি সৃষ্টি করায় তিন-চার মাস আগে তাঁর মা-বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি পাশের একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।
নূর জামালের এক প্রতিবেশী জানান, নূর জামাল অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং প্রায়ই বাবা-মাকে মারধর করতে যেতেন ও বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন।
আজ রাতে নূর জামালের মা আম্বিয়া খাতুন মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘আমার স্বামীর ক্যানসার ধরা পড়েছে এক বছর আগে। দুই ছেলে তাদের বাবার চিকিৎসায় কোনো সহায়তা করছে না। চিকিৎসার টাকার প্রয়োজন হওয়ায় সালিস করে ছেলেদের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তারা দেয়নি।’
আম্বিয়া খাতুন আরও জানান, নিরুপায় হয়ে তিনি নিজের এক শতকের ভিটা মেয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। এরপর বড় ছেলে নূর জামাল এসে তিন লাখ টাকা দাবি করেন এবং এই নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলা সৃষ্টি করছিলেন। আম্বিয়া খাতুন বলেন, ‘তার বাবাকে মারধর করেছে। দা নিয়ে গতকাল (শনিবার) রাতভর আমাদের তাড়া করেছে। তার ভাইয়ের দোকান ভেঙেছে। গতকাল ভোররাতে আমার থাকার ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। পরে বাধ্য হয়ে আজ সকালে থানায় গিয়ে মামলা করি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মা-বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আম্বিয়া খাতুন বাদী হয়ে আজ সকালে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নূর জামালকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।