হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় ব্যাগ স্ক্যানিং করার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয় এবং এসব ওষুধ উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, কাস্টমসের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই এসব ওষুধ বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

পরবর্তীতে সন্ধ্যায় বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়নের ২৭ বিএন-এর সিপাহি মো. রাজেকুল ইসলাম (২৭)। এ সময় ব্যাগটির বিষয়ে সন্দেহ হলে তিনি এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালান। পরে ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।

নাজমুস সাকিব আরও জানান, বিষয়টি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমসকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। পরে এভসেকের নির্দেশনায় ঘটনাস্থলে যান এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।

শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানোর পর তার উপস্থিতিতে জব্দ করা ওষুধগুলো এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সদস্যদের এই তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।