হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানার বেল্টের নিচে পড়ে থাকা একটি আইফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

গত রোববার (৪ অক্টোবর) ভোররাতে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করে তা তাকে বুঝিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ব্যাখ্যা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, ভোররাত আনুমানিক সোয়া দুটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় দায়িত্ব পালন করার সময় আনসার সদস্য মিঠুন কুমার স্ক্যানার বেল্টের নিচে ফোনটি পড়ে থাকতে দেখতে পান।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে অবহিত করেন।

এরপরই ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা শুরু হয়। সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক অনুসন্ধান এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম চালানো হয়। এই প্রক্রিয়ার একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়।

পরিশেষে, পিসি মো. আলমগীরের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকানা নিশ্চিত করে ফোনটি শাহা নুরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়।

বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভুক্তভোগী যাত্রীসহ সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা।