আসন্ন রমজান মাসে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি ভিন্ন উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ মোট পাঁচটি বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কমিটির সামনে উপস্থাপিত পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলএনজি সংগ্রহের জন্য জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ—এই তিনটি প্রতিষ্ঠান থেকে গ্যাস কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ প্রদান করেছে কমিটি।

উল্লেখ্য যে, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি সংগ্রহের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবটিও এই সুপারিশের অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, আসন্ন রমজান মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে কমিটি। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনা করে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমিয়ে আনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগটি নেওয়া হচ্ছে।