সিঙ্গাপুর ও কাতার থেকে মোট ছয় জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে সিঙ্গাপুর-ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ জাহাজ এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক জাহাজ এলএনজি কেনা হবে।

আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম মূল্যে এই এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয় আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরের কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপি সিঙ্গাপুরের কাছ থেকে এলএনজি সংগ্রহের ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে কেনা হবে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক জাহাজ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১০ ডলার কম নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার একটি প্রস্তাব উপস্থাপন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রস্তাবনা অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’-এর ৬৮ ধারা ও ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর ৯৯(২) বিধি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি দর–কষাকষি এবং স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিট সইয়ের প্রস্তাব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, আইন বিভাগ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন করার পর প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।