দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কমিটির ২৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গৃহীত প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি ব্যবস্থায় সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে মোট ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, অতিরিক্ত এই আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি। মূলত পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতের বাড়তি চাহিদা মেটানো এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।