ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন সাধারণ মানুষ—এমন লক্ষ্য নিয়ে ভূমি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধন করা হবে। এই বিশেষ কার্যক্রম বাস্তবায়নে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা ক্রয় করবে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এই কাজের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে (ইউএনডিপি) নির্বাচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়।

দেশের ভূমি প্রশাসনকে সম্পূর্ণ কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালের জুলাই মাসে এই প্রকল্প গ্রহণ করা হয়। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১টি জেলার সব ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

প্রকল্পের আওতায় কী করা হবে?
এই প্রকল্পের মাধ্যমে জমির রেকর্ড এবং খতিয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল তথ্যভান্ডারে যুক্ত করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নম্বর সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থা কার্যকর হলে জমির মালিকানা যাচাই করা অনেক সহজ হবে এবং জমি কেনাবেচার আগে মালিকানা সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যাবে। এর ফলে জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বড় সুবিধা হবে ভূমিসেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাওয়া। বর্তমানে নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনেককে ভূমি অফিসে যেতে হয় এবং অনেক ক্ষেত্রে একাধিকবার যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয়। ডিজিটাল ব্যবস্থার ফলে এসব সেবা ঘরে বসেই পাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এই উদ্যোগের পাশাপাশি কিছু প্রশ্নও উঠেছে। দেশের সব মানুষের ডিজিটাল সেবা ব্যবহারের দক্ষতা সমান নয়। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক মানুষ, ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ ব্যক্তি কিংবা যাঁদের স্মার্টফোন নেই, তাঁদের জন্য অনলাইননির্ভর ভূমিসেবা গ্রহণ করা কঠিন হতে পারে। তাঁদের জন্য বিকল্প সেবার ব্যবস্থা না থাকলে নতুন করে ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকের বই ছাপায় বাড়তি ২৪ কোটি টাকা
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই ছাপাতে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৮ লাখ টাকা। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব বই ছাপার মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। অতিরিক্ত ব্যয় যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেশি।

জন্মনিয়ন্ত্রণে শতকোটি টাকার খাবার বড়ি
এদিকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই খাবার বড়িগুলো সরবরাহ করবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

১৮১ কোটি টাকার চিনি ও ডাল
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা, যেখানে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই কাজ পেয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। অন্যদিকে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রতি কেজির দাম হবে ৭৬ টাকা ৭৭ পয়সা। এই পণ্য সরবরাহের দায়িত্ব পেয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এলএনজি আমদানিতে নতুন উদ্যোগ
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে তিন জাহাজ এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই জাহাজ কেনার প্রস্তাব রয়েছে। মালয়েশিয়ার এলএনজির দাম প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১৮ সেন্ট কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব রয়েছে। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। ১৫ বছর মেয়াদে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে তা বেড়ে হবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

একই দিনে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস এবং সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংয়ের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত এডনক ২৪ থেকে ৩০ কার্গো এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠান থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

সড়ক নির্মাণে ব্যয় বাড়ছে ৫৭ কোটি
কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক চার লেনে উন্নীত করতে ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকার কাজ পেয়েছে রানা বিল্ডার্স। অন্যদিকে শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় ২১ দশমিক ৩৭৯ শতাংশ বেশি। এই প্রকল্পের কাজ করছে যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, হাসান টেকনো বিল্ডার্স ও তাহের ব্রাদার্স।

এদিকে ২০২৭ সালের রমজান উপলক্ষে টিসিবির জন্য ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৪০টি বন্যা আশ্রয়কেন্দ্র হবে
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রিভার প্রকল্পের আওতায় এই কাজে ব্যয় হবে ৩২৬ কোটি টাকা। এই কাজটি পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব কম্বল কিনতে ব্যয় হবে ১০ কোটি ৫৩ লাখ টাকা।