টেলিভিশনের পর্দায় যাঁকে দেখে মুগ্ধ হয়ে বড় হয়েছেন, সেই প্রিয় অভিনেতার পাশেই দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন শরীফুল রাজ। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জিতেছেন মোশাররফ করিম ও শরীফুল রাজ।

পুরস্কার গ্রহণের সেই বিশেষ মুহূর্তে নিজের পছন্দের অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পা ছুঁয়ে সম্মান করেন রাজ। এই আবেগঘন মুহূর্তে মোশাররফ করিম তাঁকে পরম মমতায় কাছে টেনে নেন। প্রিয় অভিনেতার সঙ্গে সিনেমায় কাজ করার পর একই মঞ্চে যৌথভাবে পুরস্কার পাওয়ার এই অভিজ্ঞতা রাজের কাছে অত্যন্ত বিশেষ হয়ে থাকবে। শৈশব থেকেই মোশাররফ করিমের নাটক দেখে বড় হয়েছেন রাজ। তাঁর অভিনয় শৈলী রাজকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি হয়ে উঠেছিলেন তাঁর একনিষ্ঠ ভক্ত। তাই আজ সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে পাওয়াকে নিজের জন্য বড় সৌভাগ্য বলে মনে করেন তিনি।

এর আগে ‘ইনসাফ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও শরীফুল রাজ। তবে সেই সিনেমায় দুজনের একসঙ্গে খুব বেশি দৃশ্য না থাকায় রাজের মনে কিছুটা আক্ষেপ ছিল। সেই অপূর্ণতা দূর হয়েছে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ। এই সিনেমায় প্রিয় অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করার পাশাপাশি শুটিং চলাকালীন কাছ থেকে তাঁকে দেখার এবং তাঁর অভিনয় থেকে শেখার সুযোগ পেয়েছেন রাজ।

গত রোববার মুক্তকণ্ঠর সঙ্গে আলাপকালে শরীফুল রাজ বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে যেকোনো শিল্পীর কাজ করা সৌভাগ্যের। ভাইকে সহশিল্পী হিসেবে পাওয়াটা আমার জন্য অনেক কিছু। কারণ, প্রতিমুহূর্তেই শেখার কিছু থাকে। মনে হয়, ৫০ ভাগ কাজ আগেই হয়ে আছে।’

প্রিয় অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রাজ বলেন, ‘মোশাররফ করিম ভাই এমন একজন অভিনয়শিল্পী, যাঁর সঙ্গে আমার মনে হয় সবাই আবার কাজ করতে চান । তিনি মজা করতে করতে শুটিং করেন। কখন শুটিং শেষ হয়, সেটা বোঝাই যায় না। অভিনয়শিল্পী হিসেবে তিনি এমনভাবে সহায়তা করেন, এমনভাবে সম্পৃক্ত থাকেন যে আমাদের প্রস্তুতি কম থাকলেও মোশাররফ ভাই ঠিক করে নেন।’

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একটি ট্রেনের যাত্রীদের জীবনের নানা ঘটনা ও সংঘাতের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে এই সিনেমার গল্প। এতে আশহাব চরিত্রে অভিনয় করেছেন রাজ, যিনি পেশায় একজন চিকিৎসক এবং মাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন। অন্যদিকে, মোশাররফ করিম অভিনয় করেছেন অধ্যাপক রশিদ উদ্দিনের চরিত্রে, যিনি তাঁর ছেলের মরদেহ নিয়ে একই ট্রেনের যাত্রী। ভিন্ন দুটি বাস্তবতার মানুষ এই ট্রেনের যাত্রায় একে অপরের মুখোমুখি হন।

শুটিংয়ের অবসরে মোশাররফ করিমের সঙ্গে আড্ডার সুযোগও পেয়েছেন রাজ। তবে সেই আড্ডায় তিনি মূলত শ্রোতার ভূমিকায় থাকতেন। মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে সময় কাটানোকেও তিনি শিক্ষার একটি অংশ হিসেবে দেখেন। রাজ বলেন, ‘এই সময়ে মোশাররফ ভাই, চঞ্চল ভাই—তাঁরা তো অনেক গুণী অভিনেতা। তাঁদের সঙ্গে শুটিংয়ে এসে অনেক কিছু শিখতে পারি। এমন হয়, যখনই কোনো আড্ডা হয়, সেখানে দেখা যায় তাঁরাই কথা বলছেন, আমি নীরব। তাঁদের কথা শোনা ছাড়া আর কোনো কাজ থাকে না। মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। যে কারণেই আমি বারবার চাই তাঁদের সঙ্গে অভিনয় করতে।’

অভিনয়শিল্পীর পাশাপাশি মানুষ হিসেবেও মোশাররফ করিম রাজকে গভীরভাবে মুগ্ধ করেছেন। শুটিংয়ের ফাঁকে বিভিন্ন বিষয়ে কথা বলে তাঁর প্রাণবন্ত স্বভাবের পরিচয় পেয়েছেন রাজ। কাজের পরিবেশকে সহজ ও আনন্দময় করে তোলার এই গুণটি রাজের খুব পছন্দ। তাঁর কথায়, ‘মোশাররফ ভাই মানুষটাই মজার। শিল্পী হিসেবে তো বটেই, ব্যক্তি হিসেবেও তিনি আরও মজার মানুষ। আমি বারবার মোশাররফ করিমের সান্নিধ্য পেতে চাই।’