চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। এই বিশেষ দিনটি এবং তার বর্তমান ব্যস্ততা নিয়ে গতকাল দুপুরে মুক্তকণ্ঠের সাথে এক আলাপচারিতায় অংশ নেন তিনি।

জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাওয়া হলে বিদ্যা সিনহা মিম বলেন, “জন্মদিন নিয়ে আমার তো খুব বেশি আগ্রহ থাকে না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে থাকি। এ জন্য আজ (গতকাল) ব্যাংকক ট্যুর শেষ করে দেশে ফিরেছি। এখনো বাসায় পৌঁছাইনি। রাস্তাতে রয়েছি। এদিনে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে ভালোবাসি।”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক গ্রুপগুলোতে একটি কথা বেশ আলোচিত হচ্ছে যে, ‘৩৩ বছর পেরিয়ে গেলেন মিম’, ৩৩ বছর কেউ কথা রাখেনি, এমন কেউ আছে? এই বিষয়ে মিমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি হেসে বলেন, “কথা রাখে নাই এমন কেউ নাই। এমন ঘটনা আমার সঙ্গে ঘটে নাই। সবাই আমার কথা রেখেছে (হা হা)।”

নিজের ক্যারিয়ারের কোনো বিষয় নিয়ে আফসোস করেন কি না, সেই প্রশ্নে মিম জানান, “কোনো কিছু নিয়ে আফসোস করি না। দর্শক আমাকে ভালোবাসেন, আমাকে সার্পোট করেন, এটাই বেশি ভালো লাগে। শৈশবে চাইতাম, সবাই আমাকে চিনুক। পরে অভিনয় শুরু করলাম। এখন মনে হয় দর্শক আমাকে চেনেন। এটাই আমার ভালো লাগার।”

সামনে ঈদে দুটি সিনেমা আসতে পারে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে মিমের উত্তর, “সে রকম তো হওয়ার কথা নয়। আমি একটা সিনেমার শুটিং শেষ করেছি। কিন্তু কবে আসবে, সেটা এখনো কিছু জানি না। কিন্তু আরেকটি কোনটা?”

ঈদের সিনেমার শুটিং করতে যাচ্ছেন কি না, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো সে রকম কিছু মনে হচ্ছে না। কথা হচ্ছে, কিন্তু কবে কখন ঠিক নেই। সময় হলেই জানাব।”

দীর্ঘদিন বড় পর্দায় তার উপস্থিতি কম থাকার কারণ জানতে চাওয়া হলে মিম ব্যাখ্যা করেন, “আমি সঠিক সিদ্ধান্ত নিয়েই কাজ করতে চাই। গল্প, চরিত্র, টিম, পরিচালক, কখন রিলিজ—সেগুলো সব ঠিকঠাক মতো ভেবেই নাম লেখানো উচিত। আর গল্প মনমতো না হলে শুধু শুধু নাম লেখানোর মানে হয় না। যে কারণেও কিছু গল্প করিনি।”

বর্তমানে ঢালিউডের অনেক অভিনয়শিল্পী টিম দেখে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এই বিষয়টি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সে প্রসঙ্গে মিম বলেন, “অবশ্যই পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান দেখতে হবে। কারণ, প্রফেশনাল বিষয়টা গুরুত্বপূর্ণ। এখন ভালো ভালো কাজ হচ্ছে। গল্প চরিত্র উপস্থাপনায় নির্মাতারা ভিন্নতা আনছেন। নতুন চিন্তাভাবনার সঙ্গে কাজ করতে চাই। আমি ভালো গল্প, চরিত্রে কাজ করতে চাই।”

পূজার ছুটি কেমন কাটল তা জানতে চাওয়া হলে তিনি জানান, “এই সময়ে প্রতিবছর ঘুরতে যাই। এবার কক্সবাজার গিয়েছিলাম। এটাও আমার পছন্দের একটি জায়গা। পরিবারসহ সবার সঙ্গে পূজায় দারুণ সময় কাটিয়েছি।”

সাধারণত এই সময়ে অনেকে দেশের বাইরে ছুটি কাটাতে যান। মিম জানান, “এবার দেশের বাইরে যাওয়া হয়নি। পূজার পরে শুটিং ও ঘুরতে ব্যাংকক গিয়েছিলাম। এমনভাবে শিডিউল দিয়েছিলাম যে শুটিংয়ে গিয়েও নিজের মতো করে ভালো একটা সময় কাটানো যায়। শুটিংয়ের পর আজ (গতকাল) দেশে ফিরলাম। আসলে ঘোরাঘুরিটা আমার কাছে নেশার মতো। যে কারণে পছন্দের জায়গায় গিয়ে শুটিং করেই চলে আসতে পারি না।”

শরীফুল রাজের সঙ্গে তার ‘পরাণ’ সিনেমাটি ব্যাপক আলোচিত হয়েছে এবং তারা আবারও একসঙ্গে কাজ করছেন। আগের সেই সফলতা কোনো চাপ তৈরি করছে কি না, সে বিষয়ে মিম বলেন, “‘দামাল’ সিনেমার পর আমাদের নতুন সিনেমা আসছে। আসলে আমি কোনো চাপ মনে করি না। আমি জানি, দর্শকদের আমাদের জুটি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। সেখানে আমাদের ভালো গল্প চরিত্রের সঙ্গে প্রেজেন্টেশন ভালো হলে দর্শক গ্রহণ করবেনই। মনে হচ্ছে ব্যাটেবলে মিলে যাবে। সফলতা আমাকে কাজের প্রতি আরও মনোযোগী করে।”

শিল্পী হিসেবে তাকে কি যথাযথভাবে কাজে লাগানো হয়েছে? এই প্রশ্নের উত্তরে মিম বলেন, “দেখুন, আমি কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে হ্যাপি, সব সময় হ্যাপি থাকি। অনেক প্রজেক্টে ঠিক যা চেয়েছি, সেটা পাই না। তখন একটা অসন্তুষ্টি থাকে। কিন্তু আমি খুশি থাকার চেষ্টা করি। আমার কোনো অপ্রাপ্তি নেই। অনেক ভালো ভালো ছবিতে কাজ করেছি। হয়তো আগামী দিনে করব। এখন হয়তো আরও ভালো কাজ হতে পারত। আবার যা করেছি, তেমনটা না–ও হতে পারত। আমার সব সময় চাওয়া থাকে প্রপার একটা গল্প। যেভাবে চেয়েছি সেভাবেই যদি গল্পটা তৈরি হয়, তখন আমার কাছে ভালো লাগে। হয়তো অনেক সময় ব্যাটেবলে মিলে না। আমি কিন্তু হতাশ হই না। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। কোনো কিছু না পেলে মনে হয়, সেটা ভালোর জন্যই হয়নি। যে কারণে ক্যারিয়ার নিয়ে আমার কোনো আফসোস নেই। একটাই চাওয়া আমাকে ভালো কাজ করে যেতে হবে।”