‘গাড়ি তো চলন্ত অবস্থায়। আমি ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না। গাড়ি আরও স্পিডে টান দিছে। হেলপারটা এক হাতে আমার গলায় গামছা পলট দিয়া দুইজনকাকে গুড়ি (লাথি) দিয়া ফেলে দিছে।’ রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখা এবং দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন আতিক বসুনিয়া।

নিহত দুই যুবকের পরিচয় নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁদের প্রতিবেশী চাচা আতিক বসুনিয়ার অভিযোগ, বাসের চালক ও সহকারী মিলে তাঁকে আটকে রেখে ওই দুই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়ার সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন ব্যক্তি কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে আতিক বসুনিয়াও ছিলেন এবং তাঁর কাছে এক লাখ টাকা ছিল। তারাগঞ্জ এলাকা পার হওয়ার পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মুকুল ও শাকিবকেও নামিয়ে দেওয়া হয়েছিল, তবে আতিককে জোর করে আটকে রাখা হয়। এ দৃশ্য দেখে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের সহায়তায় বাসটি আটক করা হয়।

ঘটনার সেই মুহূর্তের বর্ণনা দিয়ে আতিক বসুনিয়া বলেন, ‘যখন এরা (মুকুল ও শাকিব) আমার গলায় গামছা বাঁধা দেখছে, চলন্ত গাড়িতে লাফ দিয়ে উঠছে। তখন গাড়ি আরও স্পিডে টান দিছে। দুইজনকে দুইটা লাথি দিয়া ফেলায় দিছে। ড্রাইভার আমার কল্লার নিচ পাশে ঠাইসা ধরে থাপ্পড় দিছে। আমাক মারার জন্য প্ল্যান করছে। তারা কইতাছিল সামনে নিয়া ছুরি মাইরা ফেলাই দিব। এমন সময় পেছনে থাকা একটা মাইক্রোবাস সামনে গিয়া ব্রেক দিয়া দিছে। তখন লোকজন গাড়ি আটক দিয়া আমারে উদ্ধার করে।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে তাঁদের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

স্বামীর লাশ নিতে এসে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কান্নায় ভেঙে পড়েন শাকিবের স্ত্রী জাহিদা বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘রাতেই কথা হলো সকালে বাড়িতে আসবে। আমার স্বামীকে কেন মারল? আমি এখন কাকে নিয়ে বাঁচব?’

মুকুলের বাবা মহুবার হোসেন আক্ষেপ করে বলেন, ‘দুইটা টাকা রোজগারের জন্য ছেলেটা রাজমিস্ত্রির কাজে কুমিল্লা গেছিল। সকালে বাড়ি পৌঁছার কথা আসছিল, বাড়ি তো ঠিকই ফিরিল, কিন্তু লাশ হয়ে।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি–তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত বাসচালক আজির হোসেন ও তাঁর সহকারী শফিক ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁরা মারধরের শিকার হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাকার বিষয়টি পুলিশ শুনেছে, তবে তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।