রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই গাড়িতে থাকা একই এলাকার যাত্রী আতিক বসুনিয়া জানান, তাঁর কাছে টাকা ছিল যা দেখে অপরাধীরা তাঁকে লক্ষ্য করে। তিনি বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার মোট ছয়জন ব্যক্তি কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁর চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে তাঁর চাচাকে জিম্মি করা হয়। সেই সময় মুকুল ও শাকিব তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে রাস্তার পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন উদ্ধারকর্মীরা। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। তবে সেখানে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন যে, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।