দেশের সড়ক ও মহাসড়কগুলোতে দুর্ঘটনা এবং অব্যবস্থাপনার বিষয়টি দীর্ঘদিনের। তবে বর্তমানে দূরপাল্লার গণপরিবহনের ভেতরে যাত্রীদের জিম্মি করে লুটতরাজ এবং হত্যার মতো অত্যন্ত ভয়াবহ সব ঘটনা সামনে আসছে। গত রোববার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় যে ঘটনাটি ঘটেছে, তা যেকোনো মানুষকে স্তম্ভিত করে দেওয়ার মতো। ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে এক যাত্রীকে টাকার জন্য জিম্মি করে রাখা এবং তাঁকে উদ্ধার করতে যাওয়া দুই স্বজনকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে খোদ বাসচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে।

নিহতরা হলেন মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২), যারা নীলফামারী সদর উপজেলার শ্রমজীবী তরুণ ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাজমিস্ত্রিসহ বিভিন্ন কাজের সন্ধানে তাঁরা কুমিল্লায় গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাঁদের প্রতিবেশী চাচা আতিকের কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের চালক ও সহকারী এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাননি। এর অর্থ হলো, এটি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, বরং অর্থের লোভে পরিকল্পিতভাবে সংঘটিত একটি নির্মম হত্যাকাণ্ড। প্রশ্ন জাগে, একটি যাত্রীবাহী পরিবহনের চালক ও সহকারী কীভাবে এতটা বেপরোয়া ও নৃশংস হয়ে উঠলেন? পেছন থেকে আসা একটি মাইক্রোবাস পথ রোধ না করলে এবং চিকলী এলাকার স্থানীয় জনতা এগিয়ে না এলে হয়তো জিম্মি হওয়া ওই যাত্রীকেও প্রাণ হারাতে হতো।

গণপরিবহন খাতে চালক ও সহকারীদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই না থাকা, মালিকপক্ষের চরম দায়হীনতা এবং দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিই আজ পরিবহনশ্রমিকদের একটি অংশকে এমন ভয়ংকর অপরাধীতে পরিণত করেছে। এই ঘটনার ক্ষেত্রে আরেকটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে, তা হলো এ ঘটনায় ‘সড়ক পরিবহন আইনে’ মামলা নেওয়ার তথ্য পাওয়া গেছে। একজন যাত্রীকে জিম্মি করে অর্থ ছিনতাইয়ের চেষ্টা করা এবং দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করা কোনোভাবেই কেবল সড়ক পরিবহন আইনের আওতায় সীমাবদ্ধ বিষয় হতে পারে না; এটি দণ্ডবিধির অধীন সুস্পষ্ট হত্যা ও ডাকাতির অপরাধ।

দুই তরুণ শ্রমিকের এমন অকালমৃত্যুতে তাঁদের পরিবার আজ দিশাহারা ও শোকার্ত। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত চালক আজির হোসেন ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কোনো ধরনের আইনি দুর্বলতা বা প্রভাব যেন এই অপরাধীদের রক্ষা করতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঘটনার নিরপেক্ষ তদন্তের পর তাঁদের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের সুনির্দিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিকেও এই ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং মহাসড়কে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।