রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে ‘এআর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।”