যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী ও সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তাৎক্ষণিক তৎপরতার কারণে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টায় তারা সফল হতে পারেননি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন।

অনুষ্ঠান শেষ করে সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন নাহিদ ইসলাম। সেই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন ব্যক্তি নাহিদ ইসলামকে দ্রুত গাড়িতে তুলে দিচ্ছেন। একই সময়ে গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েকজন ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের অন্য একটি অংশের তীব্র বাদানুবাদ চলছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নাহিদ ইসলামকে বহনকারী গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!’

এছাড়া এম এ হিমেলের পোস্ট করা আরও একটি ভিডিওতে দেখা যায়, এনসিপি-সমর্থকরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’

এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক আজ মুক্তকণ্ঠকে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ বরাবরই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। গতকাল রাতেও তারা এটি করার চেষ্টা করেছে; কিন্তু সফল হতে পারেনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম সফলভাবে তাঁর অনুষ্ঠান সম্পন্ন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের লোকজন বাইরে চিল্লাচিল্লি করেছে।

যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার এই ঘটনা এনসিপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁদের দাবি, নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার ঘটনাগুলোর পেছনে একজন নির্দিষ্ট ব্যক্তি সংগঠক হিসেবে কাজ করেছেন, যাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মুক্তকণ্ঠকে বলেন, ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে নানা স্লোগান দিয়েছে। কিন্তু এনসিপির অনেক লোকজন সেখানে থাকায় তারা সুবিধা করতে পারেনি। আসলে জুলাইপন্থী সবাইকেই তারা হেনস্তার চেষ্টা করে। নাহিদ ইসলাম অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় তাঁর প্রতি তাদের আক্রোশ থাকা স্বাভাবিক। কিন্তু এখন তারা সেভাবে সাড়া পাচ্ছেন না। ১০–১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া আর কেউ আসছে না। এটি তাদের শক্তিক্ষয় বা ডিমোরালাইজড (মনোবল ভেঙে পড়া) হয়ে পড়ার লক্ষণ।’

যুক্তরাজ্যে অবস্থানরত একজন আওয়ামী লীগ-সমর্থক ব্যক্তিকে এসব ঘটনার মূল কারিগর হিসেবে উল্লেখ করে সারোয়ার তুষার জানান, ওই ব্যক্তি ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন। বাংলাদেশ সরকার চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কিংবা তাঁকে ডিপোর্ট (দেশে ফেরত পাঠানো) চাইতে পারে।