২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যে সফররত জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের লক্ষ্য করে একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা। সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সফরকালীন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের বাইরেই যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান। তবে সেখানে উপস্থিত এনসিপি নেতা-কর্মীদের তৎপরতায় তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেখান থেকে চলে যান নাহিদ ইসলাম।
বাংলাদেশ সময় সোমবার গভীর রাতে এই প্রতিবেদনটি তৈরির সময় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল। সংবর্ধনা কেন্দ্রের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নাহিদ ইসলামের ব্যক্তিগত নিরাপত্তায় প্রাইভেট সিকিউরিটি ফোর্স ভাড়া করা হয়েছে বলে জানা গেছে।
এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরে ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে লক্ষণীয় যে, একই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও যুক্তরাজ্য সফর করেছেন, কিন্তু তাঁদের ক্ষেত্রে এনসিপি নেতাদের মতো প্রকাশ্য প্রতিরোধের কোনো ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শাখা ও সহযোগী সংগঠন সক্রিয় রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি ভিন্ন সাংগঠনিক পরিচয়ে জামায়াতে ইসলামীর সমর্থকদেরও রাজনৈতিক তৎপরতা বিদ্যমান। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এসব সংগঠন নিয়মিত সভা-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে থাকে। অতীতে বাংলাদেশের সরকারপ্রধানদের যুক্তরাজ্য সফর ঘিরেও বিরোধী দলগুলোর বিক্ষোভ হয়েছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁদের সফরের সময় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিবাদ দেখা গেছে। তবে সেই কর্মসূচির বড় অংশ ছিল তৎকালীন ক্ষমতাসীন সরকার ও তার নীতির বিরুদ্ধে।
এর আগে ২০২৫ সালের জুনে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময়ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর অবস্থানস্থলের বাইরে বিক্ষোভ করেন। কিন্তু এনসিপি বর্তমানে কোনো ক্ষমতাসীন দল নয়, বরং দলটির নেতারা বিরোধী রাজনীতিতে রয়েছেন। তা সত্ত্বেও তাঁদের সফর ঘিরে বারবার প্রতিবাদ ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে।
২০২৫ সালের ১২ সেপ্টেম্বর লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষে হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। কয়েকজন সড়কে শুয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তবে ঘটনার সময় মাহফুজ আলম ওই গাড়িগুলোতে ছিলেন না।
এরপর গত ১৫ জুন পূর্ব লন্ডনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরেও বিক্ষোভ হয়। হোয়াইটচ্যাপেল ও রমফোর্ড এলাকায় আওয়ামী লীগ-সমর্থকদের প্রতিবাদ, ডিম নিক্ষেপ এবং পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় অন্তত তিনজন আওয়ামী লীগ-সমর্থককে আটক করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতা এবং বর্তমান সরকারের মন্ত্রী-সংসদ সদস্যরাও যুক্তরাজ্য সফর করেছেন। একই সময়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্তরাজ্য সফর করেছেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে তাঁদের সফর ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রকাশ্য বাধা দেওয়ার চেষ্টা কিংবা সংঘাতের কোনো ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের এই অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক মুক্তকণ্ঠকে বলেন, “আওয়ামী লীগের এই আচরণ মূলত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং প্রতিশোধপরায়ণ একটি সন্ত্রাসী গোষ্ঠীর মনোভাবেরই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ জানে, এনসিপি কেবল জুলাই বিপ্লবের ফসল নয়; দলটির রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধেও একটি শক্তিশালী চ্যালেঞ্জ।” এ কারণেই এনসিপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এমন অবস্থান বলে মনে করেন তিনি।
এনসিপির নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ হলেও বিএনপির মন্ত্রী-সংসদ সদস্যদের বিরুদ্ধে একই ধরনের কর্মসূচি দেখা যায় না কেন, এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু মুক্তকণ্ঠকে বলেন, “এটি আওয়ামী লীগের নিজস্ব কৌশল। এর উত্তর তারাই দিতে পারবে।”
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কোনো যুক্তিসংগত কারণ নেই বলেও মনে করেন বিএনপি নেতা খসরুজ্জামান। তিনি আরও বলেন, “যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী একটি দল। গত তিন দশকে তা প্রমাণিত হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করতে হলে সমতুল্য সাংগঠনিক সক্ষমতা ও প্রবাসীদের সমর্থন প্রয়োজন। আওয়ামী লীগের সে সক্ষমতা ও সমর্থন আছে বলে আমার মনে হয় না।”
এনসিপির নেতাদের বিরুদ্ধে বারবার বিক্ষোভের কারণ জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মুক্তকণ্ঠকে বলেন, “২০২৪ সালে বিদেশি প্রভাবকদের অর্থায়নে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার সম্মুখসারিতে ছিলেন হাসনাত-নাহিদরা। তাঁদের হাতে দেশের মানুষের রক্ত এবং তাঁরা বাংলাদেশে মব সন্ত্রাসের জনক।” এসব প্রতিবাদে আওয়ামী লীগের সাংগঠনিক ভূমিকার কথা অস্বীকার করে তিনি বলেন, “এখানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়। মূলত দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশিরা তাঁদের যেখানেই পাচ্ছেন, সেখানেই প্রতিহত করার চেষ্টা করছেন।”
গত শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ডে তাঁর নাগরিক সংবর্ধনায় নিরাপত্তার কথা মাথায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
মুক্তকণ্ঠের প্রশ্নের জবাবে এহতেশামুল হক জানান, অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য নিবন্ধনব্যবস্থা চালু করা হয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলো বিবেচনা করে নিবন্ধনব্যবস্থা পর্যালোচনার কথাও জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদের অধিকার থাকলেও বিক্ষোভের নামে অনুষ্ঠান বাধাগ্রস্ত করা, ভয়ভীতি প্রদর্শন কিংবা সহিংসতায় জড়ানোর ঘটনা পৃথক আইনি প্রশ্ন তৈরি করে। এনসিপির নেতাদের সফর ঘিরে ধারাবাহিক এসব ঘটনা বাংলাদেশের জুলাই-পরবর্তী রাজনৈতিক বিরোধের প্রভাব যুক্তরাজ্যের প্রবাসী রাজনীতিতেও কতটা বিস্তৃত হয়েছে, সেই প্রশ্ন সামনে এনেছে।