কল্পনা করুন এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা, যেখানে ভর্তির পর পরীক্ষার কোনো দুশ্চিন্তা নেই। নেই ভালো নম্বর পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা কিংবা অকৃতকার্য হওয়ার ভয়। সেখানে আপনি কেবল আপনার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করবেন। সহপাঠীদের সঙ্গে সময় কাটানো, গান গাওয়া কিংবা খেলাধুলা করার পাশাপাশি দলগতভাবে কোনো সমস্যার সমাধান খোঁজা বা নতুন কিছু তৈরির সুযোগ পাবেন। আশ্চর্যের বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ার শেষে আপনি কোনো প্রথাগত একাডেমিক ডিগ্রি পাবেন না।

ডেনমার্কে বাস্তবে এমন শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যমান, যেগুলোকে বলা হয় ‘ফোক হাই স্কুল’। ডেনিশ ভাষায় একে বলা হয় ‘হায়েস্কুলে’। মূলত প্রাপ্তবয়স্কদের কথা মাথায় রেখে গড়ে তোলা এই আবাসিক প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য কেবল পেশাগত দক্ষতা বৃদ্ধি করা নয়; বরং নিজের ভেতরের আগ্রহকে খুঁজে পাওয়া, নতুন কিছু শেখা এবং অন্যদের সঙ্গে মিলেমিশে চলার অভিজ্ঞতা অর্জন করা।

বর্তমানে ডেনমার্কে এই ধরনের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান চালু আছে, যেখানে ২৫০টিরও বেশি বিষয়ে শেখার সুযোগ পাওয়া যায়।

ফোক হাই স্কুলে ভর্তির জন্য সাধারণত কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। প্রচলিত স্কুল বা কলেজের মতো এখানে কোনো নির্ধারিত পাঠ্যক্রম, নম্বর প্রদান কিংবা চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থা নেই। প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিক্ষাদর্শন অনুযায়ী পাঠদানের পদ্ধতি এবং বিষয়বস্তু নির্ধারণ করে থাকে।

শিক্ষার্থীরা এখানে সংগীত, সাহিত্য বা দর্শনের মতো বিষয় পড়তে পারেন। আবার কেউ বেছে নিতে পারেন খেলাধুলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, রাজনীতি কিংবা পরিবেশবিষয়ক কাজ। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, নকশা, থিয়েটার ও নৃত্যের মতো বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একসাথে একাধিক বিষয় বেছে নেওয়ার সুযোগ পান।

কোর্সের মেয়াদ বিভিন্ন ধরনের হয়ে থাকে। স্বল্পমেয়াদি কোর্সগুলো মাত্র কয়েক দিনের হতে পারে, আবার দীর্ঘমেয়াদি কোর্সগুলো সাধারণত কয়েক মাস ধরে চলে। চার সপ্তাহের বেশি সময়ের কোর্স সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের একটি সনদ দেওয়া হয়। তবে এটি কোনো ‘একাডেমিক ডিগ্রি’ নয়।

ফোক হাই স্কুলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আবাসিক জীবন। শিক্ষার্থীরা একই ক্যাম্পাসে অবস্থান করেন, একসঙ্গে খাবার গ্রহণ করেন, পড়াশোনা করেন এবং অবসর সময় কাটান। ফলে শেখার প্রক্রিয়াটি কেবল ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

অনেক প্রতিষ্ঠানে দিনের শুরু হয় সম্মিলিত গানের মাধ্যমে। কোথাও শিক্ষার্থীরা রান্না করা কিংবা পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেন। দলগত কাজ, আলোচনা এবং দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে এখানে সহযোগিতা ও সহনশীলতার চর্চা করা হয়। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কও কেবল পাঠদান আর পাঠ গ্রহণের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, বরং তা হয়ে ওঠে অনেক বেশি হৃদ্যতাপূর্ণ।

এই বিশেষ শিক্ষাধারার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। এর পেছনে ডেনমার্কের প্রখ্যাত দার্শনিক, লেখক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগের নাম জড়িয়ে আছে।

গ্রন্ডটিগ বিশ্বাস করতেন, শিক্ষা কেবল উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বিশেষ শ্রেণির মানুষের জন্য নয়। সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার অধিকার থাকা উচিত। তাঁর মতে, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ‘চাকরিজীবী’ তৈরি করা নয়, বরং একজন সচেতন নাগরিক গড়ে তোলা।

১৮৩০-এর দশকে তিনি ফোক হাইস্কুলের এই ধারণাটি সামনে আনেন। তাঁর এই চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ডেনিশ ফোক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠায় ডেনিশ শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা আবাসিক শিক্ষার এই ধারাকে জনপ্রিয় করতে বড় অবদান রাখে।

১৮৬৪ সালের যুদ্ধে ডেনমার্কের পরাজয়ের পর ফোক হাইস্কুল আন্দোলন আরও বিস্তৃত হয়। জাতীয় পরিচয়, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সাধারণ ফোক হাই স্কুলে ভর্তির জন্য ন্যূনতম বয়স হতে হয় সাড়ে ১৭ বছর। তবে ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই। দীর্ঘমেয়াদি কোর্সে সাধারণত ২০ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিংবা পড়াশোনার মাঝখানে সাময়িক বিরতি নিতে এখানে আসেন। অন্যদিকে, স্বল্পমেয়াদি কোর্সগুলোতে প্রবীণদের অংশগ্রহণও বেশ লক্ষণীয়।

প্রতিষ্ঠানগুলোর ধরন অনুযায়ী এখানে বৈচিত্র্য রয়েছে। কোনো প্রতিষ্ঠান খেলাধুলা, কোনোটি শিল্পকলা, কোনোটি সংগীত আবার কোনোটি ধর্মীয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়।

উল্লেখ্য যে, ফোক হাই স্কুলের কোর্সগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা ক্রেডিটের সমতুল্য নয়। শুধুমাত্র এখানে পড়াশোনা করলেই উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতা অর্জিত হয় না।

তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতাকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে ফোক হাইস্কুলে কাটানো সময়টি শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে। তবে বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-নীতির ওপর নির্ভর করে।

বর্তমান যুগে পরীক্ষা, নম্বর কিংবা ডিগ্রির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তবে প্রশ্ন থেকে যায়, শেখার সব অর্জন কি কেবল মার্কশিটে ধরা পড়ে? নতুন মানুষের সঙ্গে পরিচয়, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা কিংবা নিজের অজানা সামর্থ্য আবিষ্কার করার যে মূল্য, তা হয়তো কোনো সার্টিফিকেটে লেখা থাকে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই যুগে মানবিক এই গুণাবলি নিশ্চয়ই আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে।