ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় প্রায় ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এর শিক্ষা কার্যক্রম গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলাই প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বর্তমান শিক্ষা কার্যক্রম চলছে।

অধ্যক্ষ রাফি বলেন, শুধুমাত্র একাডেমিক ফলাফলের চেয়ে আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলায় বেশি গুরুত্ব দেওয়া হবে। ইংরেজি ভার্সনে আবাসিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাস্তবজীবনের প্রয়োজনীয় নেতৃত্ব, নৈতিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, দেশপ্রেম, ক্রীড়া ও ডিজিটাল দক্ষতা বিকাশে বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি যশোর সেনানিবাসের অধীনস্থ ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং চালুর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও এই প্রতিষ্ঠান ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতে প্রসার ঘটবে এবং ফরিদপুরে মানসম্মত আবাসিক শিক্ষার সুযোগ বাড়বে।

সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রতিষ্ঠানটির আধুনিক স্থাপনা, শিক্ষা কার্যক্রম ও আবাসিক সুবিধাগুলো ঘুরে দেখানো হয়।