ঝিনাইদহের কালীগঞ্জে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। চিত্রা নদী থেকে এভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা প্রশাসনের কাছে একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা এবং পাঁচকাহুনিয়া গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। নদীর পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। নদী থেকে সংগৃহীত মাটি ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত একের পর এক ট্রাক্টরের যাতায়াতের ফলে স্থানীয় গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন যে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই মাটি ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তাদের দাবি, জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মর্ডান ইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই কারবারের সঙ্গে যুক্ত বলে তারা জানিয়েছেন।

অভিযোগের তালিকায় আরও নাম এসেছে স্থানীয় আব্দুল মজিদ, মহিলা ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেনের। তবে অভিযুক্ত ব্যক্তিরা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

এই বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি বলেন, “আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মাটি কাটার ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, “আমি কখনই মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।”

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই জানতে পেরেছেন। তিনি বলেন, “জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।” দিনের বেলা মাটি কাটার ঘটনা ঘটলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান ইউএনও।