ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুবদল নেতা রাজীব রাজু। এই ঘটনার পর তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আল ইমরান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। রাজীব রাজু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক পরিবেশ নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে পরশুরাম উত্তর বাজারের ডাকঘর স্টিল ব্রিজ সংলগ্ন আমিনুল ইসলাম মিন্টুর দোকানে হঠাৎ লাঠি হাতে প্রবেশ করেন রাজীব রাজু। সেখানে তিনি ব্যবসায়ী মিন্টুর কাছে চাঁদা দাবি করেন। তবে চাঁদার দাবি পূরণ না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে দোকানের আসবাবপত্র এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভাঙচুর শুরু করেন।

অভিযোগ রয়েছে যে, রাজীব রাজু ওই সময় দোকানদার মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ লুটে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন ব্যবসায়ী মিন্টুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ রাজীব রাজুকে গ্রেপ্তার করে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বলেন, “আমার অল্প একটু পৈতৃক জমি ছিল। সেটা বিক্রি করে স্টিল ব্রিজসংলগ্ন স্থানে একটি মুদি দোকান দিই। গত কয়েকদিন ধরে রাজু মোবাইল ফোনে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার সকালে দোকানে ঢুকে ‍সে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চলে যায়।”

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন হয়। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) রাজীব রাজুকে অব্যাহতি দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের সুনাম ক্ষুণ্ন করার অপরাধ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন মুক্তকণ্ঠকে বলেন, “রাজীব রাজু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে দল থেকে বহিষ্কারের জন্য গত জেলা যুবদলের কাছে চিঠি দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।”

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু বাদী হয়ে রাজীব রাজুর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।