ফেনীর পরশুরাম উপজেলায় আব্দুল্লাহ খোন্দকার নামের ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া এই কিশোর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) বিকেলে পরশুরাম উপজেলার দক্ষিণ বাউরখুমা এলাকার বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব বাড়ি (খোন্দকার বাড়ি) থেকে বের হওয়ার পর থেকে আব্দুল্লাহর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ আব্দুল্লাহ খোন্দকার ওই এলাকারই সিরাজ ও সুলতানা বেগম দম্পতির সন্তান। সে স্থানীয় পরশুরাম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা এবং পরবর্তীতে রাত হয়ে গেলেও আব্দুল্লাহর কোনো সন্ধান মেলেনি। এরপর পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আত্মীয়-স্বজনের বাড়ি এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায়নি। সন্তানের এই আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার পরিবার।

ছেলেটির মা সুলতানা বেগম মুক্তকণ্ঠকে বলেন, “আমার ছেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়ি ফিরেনি। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার খবর পাইনি। আমার ছেলেকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

এদিকে, এই ঘটনার বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “ছেলেটি নিখোঁজের বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। আমরা এ বিষয়ে অবগত নই।”