সকাল ১০টা। অফিস শুরু হতেই দেখা গেল প্রিন্টার কাজ করছে না। ওয়াই-ফাই সংযোগে সমস্যা হচ্ছে, হিসাব বিভাগের ল্যাপটপ চালু হচ্ছে না, আর একটি জরুরি ফাইল আটকে আছে অন্য কম্পিউটারে। ছোট ও মাঝারি আকারের অফিসগুলোতে এমন পরিস্থিতি প্রায় প্রতিদিনের ঘটনা। এই সময়ে সবাই এমন একজন ব্যক্তির খোঁজ করেন, যিনি হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং সম্পর্কে অবগত এবং ধৈর্য ধরে মানুষের সমস্যার সমাধান করতে পারেন। অফিসের ভাষায় যাকে বলা হয় ‘আইটির লোক’। আর ঠিক এই ধরনের দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিয়েছেন এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ও এম আহসান হাবিব।

সাধারণত বড় প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি বা আইটি কাজের জন্য আলাদা বিভাগ থাকে। তবে ছোট অফিসে একজন কর্মীর মাধ্যমেই কম্পিউটার মেরামত, নেটওয়ার্কিং, প্রিন্টার এবং সিসিটিভি ক্যামেরার মতো সব কাজ সামলাতে হয়। এই বহুমুখী দক্ষতা সম্পন্ন কর্মী তৈরির লক্ষ্য নিয়ে রাজধানীর মিরপুর-১১ এলাকায় প্রশিক্ষণ কোর্স চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, মাঠপর্যায়ে তাদের দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে।

উদ্যোক্তারা জানান, ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ নামের এ প্রশিক্ষণের ক্লাস হবে সশরীর শ্রেণিকক্ষে। শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শিখবেন বিভিন্ন ধরনের যন্ত্র সামনে রেখে। এটি মূলত কাজের মাধ্যমে কাজ শেখার একটি প্রক্রিয়া, যেখানে নতুন নতুন সমস্যার সমাধান করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা সম্ভব হবে।

কোর্সের পাঠ্যসূচি শুরু হয়েছে বিদ্যুৎ-নিরাপত্তা এবং বিভিন্ন উপাদান ও টুলসের পরিচিতির মাধ্যমে। এরপর রয়েছে ডেস্কটপ পিসি সংযোজন, ল্যাপটপের যন্ত্রাংশ মেরামত এবং মাদারবোর্ডের সমস্যা নির্ণয়ের প্রশিক্ষণ। সফটওয়্যারের ক্ষেত্রে উইন্ডোজ ও ম্যাকওএস, হারানো ডেটা উদ্ধার এবং ডিস্ক ক্লোনিং শেখানো হবে।

তবে এই কোর্সের একটি বড় অংশ জুড়ে রয়েছে একটি অফিস সচল রাখার খুঁটিনাটি। এর মধ্যে ল্যান, রাউটার ও ওয়াই-ফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার ও ফাইল শেয়ারিং, ইউপিএস-আইপিএস, সিসিটিভির সেটআপ, বিভিন্ন স্মার্ট/এআই ডিভাইস সেটআপ এবং হাজিরা মেশিনের মতো যন্ত্র বসানোর কৌশল অন্তর্ভুক্ত রয়েছে।

কারিগরি বিষয়ের পাশাপাশি এই কোর্সে সহকর্মী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল, রিমোট সাপোর্ট, পারসোনাল ব্র্যান্ডিং, সার্ভিস বিক্রির জন্য ডিজিটাল মার্কেটিং এবং এআই টুলের বিভিন্ন ব্যবহার শেখানো হবে। আয়োজকদের মতে, একজন আইটি কর্মীর কাজের বড় অংশই হলো মানুষের সমস্যা বুঝে তার সমাধান করা, তাই এই দক্ষতাগুলো অর্জন করা অত্যন্ত জরুরি।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের লক্ষ্য এমন দক্ষতা তৈরি করা, যা দিয়ে চাকরি পাওয়া যায় কিংবা নিজেই কিছু শুরু করা যায়।’

রাসেল আহমেদের মতে, ‘প্রশিক্ষণ শেষে কেউ কোনো প্রতিষ্ঠানে আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজ নিতে পারেন। আবার কেউ নিজের সার্ভিস ব্যবসা, আইটি পণ্য সরবরাহ, নেটওয়ার্ক ও সিসিটিভি ক্যামেরা সার্ভিসিংয়ের কাজ শুরু করতে পারেন। আমরা যতটা গুরুত্ব দিয়ে শেখাব, ততটা গুরুত্ব দিয়ে চাকরি পেতে সাহায্য করব, থাকবে দীর্ঘমেয়াদি অ্যালামনাই সহযোগিতা।’

স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, ‘আমরা দক্ষ মানুষ পাচ্ছি না। আমাদের প্রচুর প্রকৌশলী দরকার। সিভিও অনেক পাই, কিন্তু হার্ডওয়্যার খাতে দরকার হাতে-কলমে কাজ জানা দক্ষ মানুষ। এ খাতে চাহিদা অনেক, অথচ সেই অনুযায়ী দক্ষ জনবল পাওয়া কঠিন। লোক একেবারে পাই না, তা নয়। তবে দক্ষ কর্মী সাধারণত অন্য প্রতিষ্ঠান থেকে নিতে হয়। আর নতুন যাঁদের সিভি পাই, তাঁদের কাজ শেখাতে তিন থেকে চার মাস সময় লাগে। এর পেছনে আমাদের বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এক্সচেঞ্জকরি টেক একাডেমি এ ক্ষেত্রে খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমরা হাতে-কলমে দক্ষ মানুষ চাই, তাঁদের চাকরিও দিতে চাই। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মনে করেন, যন্ত্রাংশ যত আধুনিক হচ্ছে, তা সঠিকভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণের দক্ষতাও তত বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে। তিনি বলেন, ‘হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়া কর্মী থাকলে অফিসের ছোটখাটো সমস্যার জন্য বাইরের কারও ওপর নির্ভর করতে হয় না। এতে সময় ও খরচ দুটিই বাঁচে।’

আয়োজকরা জানিয়েছেন, প্রথম দফায় ২১ নভেম্বর থেকে দুটি ব্যাচ শুরু হচ্ছে। একটি ব্যাচের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসে এবং অন্যটি চাকরিজীবী ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শুধুমাত্র শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচে ২০টি আসন রয়েছে এবং কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।