প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং এই ক্ষেত্রটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)’। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনের সফল বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার বিডিওএসএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চুক্তিটি বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বিডিওএসএনের সভাপতি মুনির হাসান সই করেছেন। এই প্রতিযোগিতাটি দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের জন্য পরিচালিত হবে। পুরো প্রক্রিয়াটি দুই পর্যায়ে সম্পন্ন হবে এবং চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রতিযোগিতার পাশাপাশি দেশজুড়ে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, মিনি ক্যাম্প এবং অংশগ্রহণকারীদের জন্য পাঁচ দিনের একটি নিবিড় অনলাইন প্রশিক্ষণ ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা চলতি মাসজুড়ে চলবে। আগামী অক্টোবর মাসে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে এবং ২৪ অক্টোবর ঢাকায় জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য বিডিওএসএনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।