নারী শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতাকে উৎসাহিত করতে আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাসে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়েছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী এই জাতীয় পর্বে অংশ নেন।
বিডিওএসএন-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন জটিল প্রোগ্রামিং সমস্যা সমাধান করে তাদের মেধা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা প্রদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়নের পাশাপাশি ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা। অন্যদিকে, স্কুল–কলেজ বিভাগে ফার্স্ট রানারআপের স্থানটি অধিকার করেছেন যশোর সরকারি মহিলা কলেজের রাফিয়া আনজুম এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়ের মাহিয়া আফরিন। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়; চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ বিজয়ীরা যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রফিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভ করেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে তিনি বলেন, “কিছু কিছু অনুষ্ঠান আয়োজন করতে খুবই ভালো লাগে। আজকের প্রতিযোগিতা সে ধরনেরই একটি আয়োজন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আগামী দিনে এ ধরনের আয়োজন আরও করবে।”
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল লাইস এম এস হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোভা আহমেদ এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারপারসন শাহনাজ পারভিন। আয়োজক পর্যায়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক বি এম মইনুল হোসেন, নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান।
প্রোগ্রামিং প্রতিযোগিতার পর বিকেলে ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারী পেশাজীবীরা তাদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ভবিষ্যতের কর্মক্ষেত্রে নারী শিক্ষার্থীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।