তথ্যপ্রযুক্তির এই যুগে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। বর্তমান আইটি শিল্পের চাহিদার কথা মাথায় রেখে এবং চাকরির বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই স্কলারশিপ প্রোগ্রামটির কোর্সগুলো ডিজাইন করা হয়েছে।
প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এই প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রায় ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মজীবনে নিয়োজিত। এখন পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করা সম্ভব হয়েছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
উল্লেখ্য যে, আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটি যৌথ উদ্যোগ। বাংলাদেশের যুবসমাজের জন্য তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কর্মমুখী শিক্ষা প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।
এই স্কলারশিপ প্রোগ্রামের বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা। এটি বর্তমানে দেশের অন্যতম সেরা আইটি প্রশিক্ষণ প্রোগ্রাম হিসেবে বিবেচিত। এছাড়া, যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তাদের জন্য প্রতিষ্ঠানের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করা হয়।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, স্নাতক/ফাজিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধুমাত্র কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে এবং কনস্ট্রাকশন বিভাগ) পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
স্নাতক ও সমমানদের জন্য যেসব কোর্স অফার করা হচ্ছে তার মধ্যে রয়েছে:
• ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
• ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
• ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
• নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
• গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
প্রতি বছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী এই কোর্সগুলো সফলভাবে শেষ করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ছেন। অনেকে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে নিযুক্ত হয়েছেন এবং অনেকে সফল আইটি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত কোর্সগুলো হলো:
• আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
• নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
• গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট
• ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
• থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন
আগ্রহী প্রার্থীদের জন্য জানানো হয়েছে যে, রাউন্ড ৭৫-এর আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।