ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি এবং বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষের প্রেক্ষাপটে সাভার ও আশুলিয়া এলাকার ৫৫টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকাগুলোতে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি এবং অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাদের কাজ করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১-এর দেওয়া তথ্যানুযায়ী, বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে ৩৬টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করা হয়েছে। এছাড়া ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং আরও পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন।
বন্ধ থাকা কারখানাগুলোর সামনে লাগানো নোটিশে বলা হয়েছে, “বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্যরা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।
সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, “শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে আছেন। বাকি সব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা তাঁদের চোখে পড়েনি।”