চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র ৪ মাস ৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ওই নববধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
নিহত ওই তরুণীর নাম রিমা দে (১৯)। তিনি ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দম্পতির কন্যা। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই নববধূ আত্মহত্যা করেছেন।
রিমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের অয়ন খাস্তগীর (২৬)-এর সঙ্গে রিমা দের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে রিমার বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে।
নিহত রিমার মা প্রভা রাণী দে জানান, গতকাল রাতে তাঁরা খবর পান যে তাঁর মেয়ে ঘরের সিঁড়ি থেকে পড়ে আঘাত পেয়েছেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে জানায়। এই তথ্যের পর তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে খোঁজ চালিয়েও মেয়েকে পাননি। পরবর্তীতে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বাড়ির উঠানে তাঁর লাশ দেখতে পান। তাঁর দাবি, মেয়ের নাকের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি অভিযোগ করেন, “মেয়েকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।”
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান থেকে নববধূর লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর শরীরের পাওয়া চিহ্নটি আঘাতের নয়, অ্যালার্জিজনিত হতে পারে। এ ঘটনায় পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”