চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল এলাকায় এই ঘটনাটি ঘটে।
উদ্ধার করা নবজাতকটি একটি মেয়েশিশু। আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গিয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে শিশুটিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল ওই ঝোপের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ ভেসে আসছিল। সেই শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা যখন ঝোপের পাতা সরিয়ে দেখেন, তখন তারা নবজাতকটিকে দেখতে পান। এরপর দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, ‘রাস্তার পাশের ঝোপ থেকে শিশুটির কান্নার শব্দ আসছিল। পরে আমরা এগিয়ে নবজাতক দেখতে পাই। এরপর দ্রুত পুলিশকে জানিয়েছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মুক্তকণ্ঠকে বলেন, “নবজাতকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”