চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল নামক স্থানে একটি নবজাতক কন্যাশিশু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বিবরণ অনুযায়ী, সন্ধ্যার পর মহাসড়কের পাশের ঝোপের ভেতর থেকে হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা। কৌতূহলী লোকজন সেখানে গিয়ে লক্ষ্য করেন, একটি ছোট গর্তের ভেতর পাতায় ঢাকা অবস্থায় শিশুটি পড়ে আছে। বিষয়টি জানামাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব জানান, “রাস্তার পাশে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি, একটি ছোট গর্তের মধ্যে পাতায় ঢেকে রাখা হয়েছে শিশুটিকে। তাকে দেখে মনে হয়েছে, বয়স এক দিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দিই।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান এই বিষয়ে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। বর্তমানে নবজাতকটি পুলিশি হেফাজতে নিরাপদ অবস্থায় রয়েছে।
ওসি আরও উল্লেখ করেন, “শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”