চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। মায়ের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি হাইয়েস মাইক্রোবাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকায় জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সংঘটিত হয়। জানা গেছে, ওই কিশোর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি ফেরার জন্য সে যখন সড়কের পাশে দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বিবরণ অনুযায়ী, মায়ের সামনেই কিশোরটির মৃত্যু হয়।

নিহত কিশোর আবির হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আবির পেশায় একজন নির্মাণশ্রমিক ছিল।

এই বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবিরের লাশ হস্তান্তর করা হয়েছে। তাকে চাপা দেওয়া হাইয়েসের চালক ও মালিকের সন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।”