প্রযুক্তির অপব্যবহার করে ইউটিউব ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় ঘরেই ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করে এক যুবক। এরপর নারায়ণগঞ্জ থেকে বিশেষ মেশিন কিনে চট্টগ্রামের হাটহাজারীর একটি ভাড়া বাসায় বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রির কারবার শুরু করেন তিনি। গতকাল শনিবার রাতে মোহাম্মদ তৌহিদুল আলম নামের ওই যুবককে গ্রেপ্তারের পর পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তৌহিদুলের কাছ থেকে ইয়াবা তৈরির একটি মেশিনসহ বিভিন্ন কাঁচামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। এরপর তৌহিদুলকে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল ও ইয়াবার আকার নির্ধারণের যন্ত্র উদ্ধার করা হয়।”
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৌহিদুল স্বীকার করেছেন যে, তিনি ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন এবং ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
তদন্ত চলাকালীন এক প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “তৌহিদুল মেশিন বসিয়ে ইয়াবা তৈরি শুরু করেছেন বেশি দিন হয়নি, ৫–১০টি করে বিক্রি করে আসছিলেন। মিয়ানমার থেকে দেশে ইয়াবা আসার পর দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পথে নানা বাধা ও তল্লাশির মুখোমুখি হতে হয়। এসব ঝামেলা এড়াতে তৌহিদুল বাসায় মেশিন বসিয়ে ইয়াবা তৈরি শুরু করেছেন। এগুলো আসল না নকল, তা এখনো বোঝা যাচ্ছে না।”
তৌহিদুলের সঙ্গে এই কারবারে আর কেউ জড়িত আছে কি না এবং নারায়ণগঞ্জে ইয়াবা তৈরির মেশিনটি যাঁরা বিক্রি করেছেন, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।