বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদ যে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের দাবিগুলোকে জোরালোভাবে উপস্থাপনের লক্ষ্যে সাতক্ষীরায় তরুণদের এক ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এই প্রতিবাদ কর্মসূচিটি শুরু হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক জলবায়ুকর্মী ও ভুক্তভোগী তরুণ-তরুণী। তারা কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে এক অভিনব প্রতিবাদের পরিবেশ তৈরি করেন।
কর্মসূচির প্রারম্ভে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর প্রাণসায়ের খালপাড়ে এসে একটি সমাবেশে মিলিত হয় এবং প্রতীকী স্ট্রাইক পালন করে। এসময় কাফনের কাপড় পরিহিত তরুণরা জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা ফুটিয়ে তুলে দাবি জানান যে, বৈশ্বিক উষ্ণায়নের জন্য উন্নত বিশ্বকে অবশ্যই দায়ভার গ্রহণ করতে হবে এবং উপকূলের মানুষের অপূরণীয় ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, মুক্তকণ্ঠের ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনসহ অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, বৈশ্বিক কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী, কিন্তু এর চরম মাশুল গুনছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের সাধারণ মানুষ। তারা বলেন, ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন এবং তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। তাই চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে মুক্তকণ্ঠের ইমতিয়াজ উদ্দিন বলেন, “শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন। আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন গভীর শোক ও বেদনার সঙ্গে ১৫ নভেম্বর দিনটিকে স্মরণ করেন। তিনি বলেন, “আজ ১৫ নভেম্বর ‘সিডর দিবস’। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী তিন হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি। এ ছাড়া লক্ষাধিক মানুষ আহত ও সর্বস্বান্ত হয়েছিলেন।”
সাংস্কৃতিককর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, “সিডরের মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর বুক থেকে শুকায়নি। বরং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সিডর বা আইলার মতো দানবীয় ঝড়ের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ছে। সিডর দিবসে উপকূলের তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে- আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে টনক নড়বে বিশ্বনেতাদের?”
তিনি আরও বলেন, “অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু বিপর্যয় রুখে দিয়ে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”