ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে একদিকে যেমন কৃষিজমি হ্রাস পাচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার মতো সমস্যাগুলো দেশের কৃষি উৎপাদনকে কঠিন করে তুলছে। এই সীমিত সম্পদ ব্যবহার করে প্রায় ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ফলে বর্তমান সময়ে কম জমিতে, স্বল্প খরচে এবং ন্যূনতম ঝুঁকিতে অধিক খাদ্য উৎপাদনই হয়ে দাঁড়িয়েছে প্রধান লক্ষ্য।

এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় আশার আলো দেখাচ্ছে গবেষণাগারের নতুন উদ্ভাবনগুলো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের নিরলস প্রচেষ্টায় তৈরি হচ্ছে রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম ধান, লবণাক্ত জমিতে ফলনযোগ্য সরিষা এবং ভাইরাস প্রতিরোধী ভুট্টার জিন শনাক্তকরণের মতো প্রযুক্তি। এছাড়া সেচের পানির ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার পদ্ধতি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

প্রতি বছর কৃষি দিবস আমাদের মনে করিয়ে দেয় কৃষকের অবদান এবং খাদ্যনিরাপত্তায় গবেষণার গুরুত্ব। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কৃষিজমি কমে যাওয়ার এই সময়ে কীভাবে উৎপাদনশীলতা ও টেকসই কৃষি নিশ্চিত করা যায়? বাকৃবির গবেষণাগারে চলমান বিভিন্ন প্রকল্প সেই প্রশ্নেরই কার্যকর উত্তর দিচ্ছে।

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধানের উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বড় বাধা হলো রোগবালাই। বিশেষ করে বোরো মৌসুমে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যেতে পারে। এই রোগে ধানের শিষ শুকিয়ে যায় এবং দানার সংখ্যা কমে যাওয়ায় কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান হয়। প্রচলিত অনেক জনপ্রিয় জাত এই রোগের প্রতি সংবেদনশীল। এই বাস্তবতায় কৃষকদের জন্য আশার নাম হয়ে দাঁড়িয়েছে বাকৃবির উদ্ভাবিত ‘বাউ ধান-৩’।

২০১৫ সালে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে সংগৃহীত একটি জেনেটিক লাইন নিয়ে এই জাতটি উদ্ভাবনের কাজ শুরু হয়। পরবর্তীতে এসিআই লিমিটেডের আর্থিক সহায়তায় মাঠপর্যায়ে এর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। দীর্ঘ গবেষণা ও মূল্যায়নের পর ২০১৯ সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পায় এই জাতটি। গবেষকদের দাবি, বাউ ধান-৩ হেক্টরপ্রতি সাত থেকে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম, যা প্রচলিত ব্রি ধান-২৮-এর তুলনায় এক থেকে দুই টন বেশি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্লাস্ট রোগের বিরুদ্ধে এর প্রতিরোধক্ষমতা কৃষকের উৎপাদনঝুঁকি কমিয়ে আনতে পারে।

অন্যদিকে, সেচের পানির ক্রমবর্ধমান চাহিদা কৃষির অন্যতম বড় সংকট। বিশেষ করে বোরো ধান চাষে ভূগর্ভস্থ পানির ওপর অত্যধিক নির্ভরতার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং সেচের খরচ বাড়ছে। এই সমস্যা সমাধানে বাকৃবির গবেষকেরা পানি সাশ্রয়ী শস্যবিন্যাস এবং সরাসরি বীজ বপন পদ্ধতি নিয়ে কাজ করেছেন।

ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, “সেচের খরচ দিন দিন বাড়ছে। ডিজেল, সার, শ্রমিক সবকিছুর দাম বেশি। ধান ফলানোর পর যদি লাভের বড় অংশ সেচের পেছনে চলে যায়, তাহলে কৃষকের হাতে তেমন কিছু থাকে না। কম পানিতে একই জমিতে ভালো ফলন পাওয়া গেলে আমরা অবশ্যই সেই পদ্ধতি গ্রহণ করতে চাই। তবে নতুন পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দিতে হবে।”

কৃষক আলমগীর হোসেন বলেন, “ধান চাষে আমাদের সবচেয়ে বড় ভয় রোগবালাই। সারাবছর পরিশ্রম করে ফসল ঘরে তোলার সময় যদি রোগে ধান নষ্ট হয়ে যায়, তাহলে ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হয়। যে জাত রোগের আক্রমণ ঠেকাতে পারবে এবং ফলনও ভালো দেবে, সেই জাতই আমরা চাষ করতে চাই। তবে ভালো বীজ যেন সময়মতো এবং ন্যায্য দামে পাওয়া যায়, সেটিও নিশ্চিত করতে হবে।”

ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষা উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে বাকৃবি। কৃষি অনুষদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উদ্ভাবিত হয়েছে বাকৃবি সরিষা-১, বাকৃবি সরিষা-২ ও বাকৃবি সরিষা-৩। এই জাতগুলোর বিশেষত্ব হলো লবণাক্ততা সহ্য করার ক্ষমতা। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে অনেক জমি দীর্ঘ সময় অনাবাদি থাকে। এসব জমিতে লবণসহিষ্ণু সরিষার চাষ সম্প্রসারণ করা গেলে কৃষির নতুন দিগন্ত উন্মোচিত হবে। গবেষণার তথ্যমতে, লবণাক্ত মাটিতে এসব জাতের হেক্টরপ্রতি ফলন প্রায় আড়াই টন এবং অনুকূল মাটিতে প্রায় তিন টন পর্যন্ত হতে পারে। বীজে তেলের পরিমাণ প্রায় ৪০ থেকে ৪১ শতাংশ।

ভুট্টা উৎপাদনেও নতুন সম্ভাবনার সন্ধান করছেন গবেষকেরা। প্রাণিসম্পদ ও পোলট্রি খাদ্যশিল্পে ভুট্টার চাহিদা বাড়লেও ভাইরাসজনিত রোগ উৎপাদনকে অনিশ্চিত করে তোলে। এই সমস্যা সমাধানে জিনগত গবেষণার মাধ্যমে মেইজ ডোয়ার্ফ মোজাইক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা শনাক্তের কাজ করা হয়েছে। গবেষণায় বারি হাইব্রিড ভুট্টা-৭, ভি-৯২ ও উত্তরণ জাতের মধ্যে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা পাওয়া গেছে, যার মধ্যে বিএইচএম-৭ সবচেয়ে ভালো ফল দেখিয়েছে। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নত জাত উদ্ভাবন সম্ভব হবে, তবে এর জন্য আরও মাঠপর্যায়ের মূল্যায়ন প্রয়োজন।

খরা মোকাবিলায় গবেষকেরা বার্লির দুটি জাতের ওপর স্যালিসাইলিক অ্যাসিড প্রয়োগের কার্যকারিতা পরীক্ষা করেছেন। দেখা গেছে, খরার সময় স্যালিসাইলিক অ্যাসিড প্রয়োগ করলে বার্লিগাছের বৃদ্ধি ও জৈববস্তু উৎপাদন কম ক্ষতিগ্রস্ত হয় এবং গাছের আপেক্ষিক পানির পরিমাণ ও প্রোলিনের মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ সঠিক ব্যবস্থাপনায় পানির ঘাটতি সত্ত্বেও ফসলের সহনশীলতা বাড়ানো সম্ভব।

বাকৃবি গবেষণায় আমন ধানের পর রবি ফসল এবং শুকনো জমিতে সরাসরি বপন করা বোরো বা আউশ ধানের বিভিন্ন শস্যবিন্যাস পরীক্ষা করা হয়েছে। আমন ধান, টমেটো ও সরাসরি বপন করা আউশ ধানের সমন্বিত বিন্যাসে হেক্টরপ্রতি সর্বোচ্চ প্রায় ১৯ দশমিক ৬২ টন ফলন পাওয়া গেছে। অন্যদিকে সরিষাভিত্তিক বিন্যাসে ফলন ছিল প্রায় ১৪ দশমিক ৬৩ টন। এই পদ্ধতির সবচেয়ে বড় সাফল্য হলো, প্রচলিত কাদামাটিতে চারা রোপণের পরিবর্তে সরাসরি বীজ বপন করায় সেচের পানির ব্যবহার প্রায় অর্ধেক কমেছে, যা ডিজেল খরচ এবং ভূগর্ভস্থ পানির চাপ হ্রাস করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে খরা, অতিবৃষ্টি বা লবণাক্ততার মতো আঞ্চলিক সমস্যাগুলো মোকাবিলায় অঞ্চলভিত্তিক গবেষণা এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। এর জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন, আধুনিক ল্যাবরেটরি, দক্ষ জনবল এবং প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণ নিশ্চিত করা জরুরি।

কৃষিবিদ সোহানুর রহমান বলেন, “কৃষি গবেষণার সাফল্যগুলো নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে গবেষণাগারে উদ্ভাবিত জাত কিংবা প্রযুক্তি কৃষকের মাঠে পৌঁছাতে না পারলে তার সুফল জাতীয় অর্থনীতিতে পুরোপুরি প্রতিফলিত হবে না। এ জন্য গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।”

বাকৃবির জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, “বাংলাদেশের কৃষকের হাতে যদি সময়মতো মানসম্মত বীজ পৌঁছে দেওয়া যায়, গবেষণার ফল যদি মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করা যায় এবং নতুন প্রযুক্তি গ্রহণে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়, তবে কৃষির সংকটই একসময় সম্ভাবনায় রূপ নিতে পারে। আর সেই সম্ভাবনার পথ নির্মাণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন হতে পারে গুরুত্বপূর্ণ শক্তি। কৃষকের ঘামে ফলানো ফসল আর গবেষকের মেধায় গড়ে ওঠা প্রযুক্তির সম্মিলনেই নিশ্চিত হতে পারে আগামীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “কৃষকের পাশে দাঁড়াতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে। কারণ ভবিষ্যতের কৃষি কেবল বেশি জমিতে বেশি ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং কম জমি, কম পানি, কম খরচ এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও অধিক উৎপাদন নিশ্চিত করাই হবে এর মূল লক্ষ্য।”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “রোগপ্রতিরোধী ধান, লবণসহিষ্ণু সরিষা, ভাইরাস প্রতিরোধী ভুট্টা ও পানি সাশ্রয়ী চাষাবাদ কৃষির নানা সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করছেন বাকৃবির গবেষকেরা। এসব উদ্ভাবন মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে পারলে বাড়বে উৎপাদন, কমবে কৃষকের ঝুঁকি ও খরচ।”