তুরস্কের আন্তালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হওয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সমাপ্তির আর মাত্র দুই দিন বাকি। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় এই যে, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর যে অঙ্গীকার বিশ্বনেতৃত্ব নিয়েছিল, তা বাস্তবায়নে তারা এখনো যথেষ্ট তৎপর হয়ে ওঠেননি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, ১ দশমিক ৫ ডিগ্রি উষ্ণতার লক্ষ্যমাত্রা অর্জন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নিঃসরণ হ্রাস এবং তহবিলের প্রতিশ্রুতি থেকে সরে এসে বর্তমানে ‘বিদ্যুতায়নের’ দোহাই দিয়ে জলবায়ুর আলোচনাকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)’ বাণিজ্য এবং ডিজিটাল উপনিবেশের মুখে দাঁড় করানো হচ্ছে।
এমনকি যেসব সংগঠন আগে অত্যন্ত সৃজনশীলভাবে আলোচনা-অধিবেশন ও প্রতিবাদের পোস্টার-ব্যানার তৈরি করত, তাদের একটি বড় অংশই কপ৩১-এ এআই প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করেছে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জলবায়ু তহবিলে ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। উন্নত ও ধনী দেশগুলো, যারা সবচেয়ে বেশি দূষণ করেছে, তারা বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিলেও আন্তালিয়ায় সেই প্রতিশ্রুতি এখনো কার্যকর করা হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ‘গার্টনার ইনকরপোরেশনের’ ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ২০২৬ সালের সেপ্টেম্বরের পূর্বাভাসে জানিয়েছে যে, এআই খাতে বিশ্বব্যাপী ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে। এখানে মৌলিক প্রশ্নটি হলো, পৃথিবীর টিকে থাকার জন্য কোনটি আগে প্রয়োজন? এআই নাকি জলবায়ু ন্যায়বিচার? কৃষিজমি, জলাভূমি, বন এবং পাহাড়ের সুরক্ষা কি জরুরি নয়, নাকি সব জায়গাতেই ডেটা সেন্টার নির্মাণ করা বেশি প্রয়োজন? ক্ষমতা ও মুনাফার জোরে বিশ্বনেতৃত্ব আর কতবার এই সাধারণ প্রশ্নগুলো এড়িয়ে যাবেন?
জলবায়ু সম্মেলনের ১৩ নভেম্বর ব্রাজিল, জাতিসংঘ এবং ইউনেসকো এআই-নির্ভর জলবায়ু তথ্যের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার ঘোষণা করে। এরপর ১৪ নভেম্বর সিঙ্গাপুর প্যাভিলিয়নে এআই এবং পরিবেশগত জবাবদিহিতা নিয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর জাতিসংঘের টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং কপ৩১-এর সভাপ্রধান যৌথভাবে স্বেচ্ছামূলক ‘আন্তালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’ চালু করেন। এই প্লেজে এআই ও ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং জলবায়ু সংকট সমাধানে প্রযুক্তির গুরুত্বের কথা বলা হয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এআই কোম্পানিগুলোর জন্য কোনো বাধ্যতামূলক আন্তর্জাতিক পরিবেশগত বিধান বা জবাবদিহির ব্যবস্থা নেওয়া হয়নি। জলবায়ুমঞ্চে এখন নিহত, আহত এবং বিলুপ্তপ্রায় প্রাণপ্রজাতি, বাস্তুতন্ত্র ও জীবনব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা এবং লড়াইয়ের আওয়াজকেই প্রমাণ ও দাবি হিসেবে উপস্থাপন করতে হবে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রিত অ্যালগরিদম কখনোই পৃথিবীর জলবায়ুর প্রকৃত গল্প বলতে পারে না। উপনিবেশিকতা, যুদ্ধ, সংঘাত, লুণ্ঠন, জাত্যভিমান, বর্ণবাদ এবং করপোরেট আধিপত্যের নিষ্ঠুর অভিজ্ঞতা নিয়েই প্রতিটি দেশের মানুষ এই মঞ্চে উপস্থিত হয়েছে।
প্রযুক্তিগত উন্নয়নের নামে জলবায়ুর এই জীবন্ত মঞ্চকে নতুন ডিজিটাল উপনিবেশে বন্দী করা যাবে না। জলবায়ু সম্মেলনে এআই নিয়ে আলোচনা প্রথম শুরু হয়েছিল ২০১৮ সালে পোল্যান্ডের কপ২৪-এ। তখন জনসচেতনতা বাড়াতে জাতিসংঘ এআই-নির্ভর ‘অ্যাক্ট নাও ডট বট’ চালু করে। এরপর ২০১৯ সালে মাদ্রিদে চিলি প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তন ও এআই এবং ফ্রান্স প্যাভিলিয়নে গ্রিন এআই ও প্রযুক্তির কার্বন ব্যয় নিয়ে আলোচনা হয়। ২০২০ সালে করোনা মহামারির কারণে সম্মেলন না হলেও, সেই সময়টিকে এআই প্রযুক্তির বাণিজ্য প্রসারে ব্যবহার করা হয়েছে। ২০২১ সালে গ্লাসগোতে এআইভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ, কার্বন নিঃসরণের হিসাব এবং প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা চলে।
২০২২ সালে মিসরে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ‘ওইসিডি’ প্রথমবার এআইয়ের পরিবেশগত প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলে। কপ২৭-এ তারা ‘হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি অধিবেশন আয়োজন করে। ২০২৩ সালে দুবাইতে ইউএনএফসিসিসসির উদ্যোগে ‘এআই ইনোভেশন গ্র্যান্ড চ্যালেঞ্জ’ শুরু হয়।
২০২৪ সালের বাকু জলবায়ু সম্মেলনে ‘ক্যাপাসিটিজ ফর ক্লাইমেট ইনোভেশন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ অধিবেশন আয়োজনের পাশাপাশি এআই উদ্ভাবন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সর্বশেষ বেলেমে ১০-১১ নভেম্বর বিজ্ঞান, প্রযুক্তি এবং এআই জলবায়ু কর্মসূচির নির্দিষ্ট বিষয় হিসেবে ছিল এবং একই সঙ্গে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাইমেট ইনস্টিটিউট’ ঘোষণা করা হয়।
যখন জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার এবং প্রাকৃতিক অঞ্চল দখলের ফলে পৃথিবী দ্রুত গলে যাচ্ছে, তখন তা রোধ না করে এআইয়ের মতো পরিবেশদূষণকারী নতুন নিঃসরণব্যবস্থাকে নানা ছলনার মাধ্যমে বৈধতা দেওয়ার অর্থ কী? তাহলে কি জলবায়ু ন্যায্যতার গল্প এখন এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল, অ্যালফাবেট, অ্যামাজন বা মেটার মতো পুঁজি ও ক্ষমতার দখলদারদের জিম্মায় চলে যাবে? ধনী ও উন্নত দেশগুলোর ক্রমবর্ধমান ডেটা সেন্টারগুলো কি জলবায়ু সুরক্ষার দায়ভার নেবে না?
এআই প্রযুক্তির পরিবেশগত দায়বদ্ধতা ও জলবায়ু ন্যায্যতা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক তৈরি হয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ‘এআই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট (২০২৪)’ প্রতিবেদনে এআইয়ের বিদ্যুৎ ও পানি ব্যবহার, খনিজ উত্তোলন, ই-বর্জ্য এবং প্রাণবৈচিত্র্য ক্ষয়ক্ষতির ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘আইইএর’ ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা ২০২৫ সালের ৪৮৫ টেরাওয়াট-ঘণ্টা থেকে ২০২৩ সালে প্রায় ৯৫০ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। বিদ্যুৎ উৎপাদনের এই তীব্র বৃদ্ধি পৃথিবীর ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে।
প্রেস জার্নাল প্যাটার্নসে (২০২৫) প্রকাশিত এক লেখায় দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বের ডেটা সেন্টারগুলো প্রায় ৫৬০ বিলিয়ন লিটার পানি ব্যবহার করেছে। মার্কিন লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে দেশটির ডেটা সেন্টারগুলো সরাসরি প্রায় ৬৭ বিলিয়ন লিটার পানি ব্যবহার করেছে। অথচ জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের উপকূল, বরেন্দ্র বা শহরের দরিদ্র নারীরা এক কলস পানির জন্য কয়েক মাইল হেঁটে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় (২০২৬) বলা হয়েছে, এআই অবকাঠামোয় পানি ও ভূমি ব্যবহারের ফলে স্থানীয় প্রাকৃতিক সম্পদ সংকট আরও বাড়বে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন গবেষণা সংস্থা আংকটাডের এক গবেষণা (২০২৪) অনুযায়ী, ডিজিটাল প্রযুক্তির জন্য খনিজ উত্তোলনের ফলে বন, জলাভূমি ও বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। আইপিপিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনেও (২০২২) সতর্ক করা হয়েছে যে, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ডিজিটাল প্রযুক্তি জ্বালানি-চাহিদা ও নিঃসরণ বাড়িয়ে দেবে।
এআই কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি পরিবেশগত দায়বদ্ধতা, সংস্কৃতি, সৃজনশীলতা এবং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন। ডিজিটাল উপনিবেশের বিরুদ্ধে বিশ্ব এখন জাগ্রত। এআই কেবল প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়, সাংস্কৃতিক বাস্তুতন্ত্রও দখল করতে চাইছে। গান, কবিতা, নাচ, লেখালেখি এবং শিল্পকলার মতো সৃজনশীল কাজগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বাংলাদেশেও সরকারি প্রকল্পের মাধ্যমে ‘এআই দিয়ে গল্প লেখার’ প্রতিযোগিতা করা হচ্ছে। সায়েন্স অ্যাডভান্সসেস (২০২৪) জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, এআই ব্যক্তির সৃজনশীল দক্ষতা বাড়ালেও সম্মিলিত সৃষ্টির বৈচিত্র্য কমিয়ে দেয়। ইউনেসকো (২০২৫) এক প্রতিবেদনে জানিয়েছে, এআই সাংস্কৃতিক সমরূপতা এবং সৃজনশীল পেশায় অনিশ্চয়তা তৈরি করতে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (২০২৫) হিসাব অনুযায়ী, জেনারেটিভ এআইয়ের কারণে বিশ্বের প্রায় ২৫ শতাংশ চাকরি পরিবর্তিত হতে পারে।
বিশ্বজুড়ে এআই ও ডেটা সেন্টারের পরিবেশগত দখলবাজির বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছে। ২০২৩ সালে উরুগুয়েতে ভয়াবহ খরার মধ্যে গুগলের প্রস্তাবিত ডেটা সেন্টারের দৈনিক ৭৬ লাখ লিটার পানি ব্যবহারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ হয়। চিলিতে পরিবেশ আন্দোলনের চাপে ২০২৪ সালে গুগল তার সেরিলোস প্রকল্পের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়। ২০২৬ সালে ফিনল্যান্ডের মুহোসে গুগলের ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় আড়াই লাখ গাছ কাটা হয়, যার প্রতিবাদে কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়।
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় প্রায় ১ হাজার ৩০০ একর কৃষিজমিতে ডেটা সেন্টার নির্মাণের প্রতিবাদে কৃষকেরা আন্দোলন করেন। স্পেনের আরাগনে তীব্র সেচসংকটের মধ্যে ডেটা সেন্টারের পানিচাহিদা নিয়ে বিতর্ক তৈরি হয়। ১৭ নভেম্বর ‘ওমেন অ্যাডভান্সিং ক্লাইমেট-ফ্রেন্ডলি গ্লোবাল এআই গভর্ন্যান্স’ অধিবেশনে সুইজারল্যান্ডের ইয়্যুট্টে রামোস, ইতালির এলিসাবেট্টা ভেনেজিয়া, যুক্তরাজ্যের ইমান চৌধুরী, বেলজিয়ামের পিনংপিং হুয়াং, স্পেনের নাইয়ারা ওর্টিজ ডি মেনডিবিল রমো এবং পোল্যান্ডের রিডিয়া জাকোওস্কা নারীদের বিচ্ছিন্ন না করে জলবায়ু ও পরিবেশের সামগ্রিক ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে এআই ব্যবস্থাপনা গড়ে তোলার প্রস্তাব করেন।
১২ নভেম্বর আদিবাসী প্যাভিলিয়নে লোকায়ত জ্ঞান ও তথ্যের সার্বভৌমত্ব নিয়ে এক অধিবেশনে কেনিয়ার ওগিয়েক আদিবাসী আবিগায়েল কান্ডিয়ে, আর্জেন্টিনার কোল্লা আদিবাসী পাওলা মার্চেন্ডেজ এলভারেডো এবং পাপুয়া নিউগিনির পাওয়াইয়া আদিবাসী প্রতিনিধি ওয়েট্টি পল স্যু আদিবাসী লোকায়ত জ্ঞানকে এআই ও ডিজিটাল উপনিবেশের বাইরে রাখার জোর দাবি জানান। এই গ্রহে মানুষ ও বাস্তুতন্ত্রের এক জটিল বিকাশের ইতিহাস রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নয়া ডিজিটাল উপনিবেশ ও বাণিজ্য যেন ঐতিহাসিক জীবনরেখার ওপর জবরদস্তি না চাপায়; জলবায়ুমঞ্চে এই ন্যায্যতা নিশ্চিত করতে হবে।