দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা অবশেষে বাস্তবায়িত হলো। ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দুটি এখন থেকে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নতুন এই যাত্রাবিরতি শুরুর মধ্য দিয়ে হিলি রেলস্টেশনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই বিশেষ মুহূর্তে ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় পুরো স্টেশন এলাকা জুড়ে এক আনন্দঘন পরিস্থিতি বিরাজ করছিল।
এ প্রসঙ্গে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, “হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ জন্য হিলিবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, “অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় সুবিধা।” তিনি ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবিও জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন উপায়ে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এর ফলে যাতায়াতের সময় ও ভোগান্তি যেমন কমবে, তেমনি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে যাতায়াত আরও সহজতর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।