দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশি অভিযানে মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে মোট ৪ বোতল মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গেপাল চন্দ্র সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল থানা পুলিশ। সেই সময় সড়কে তল্লাশির এক পর্যায়ে একটি ইজিবাইক থামিয়ে পরীক্ষা করা হয়। ওই ইজিবাইকের যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে ৪ বোতল মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড জব্দ করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের বাসিন্দা গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
এসআই গোপাল চন্দ্র সরকার জানান, "আটক অজিত কুমার ঘোষের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।"
পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।