দিনাজপুরের হাকিমপুর উপজেলায় যৌথ অভিযানে সাতটি মামলার পলাতক আসামি রিপন আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়ায় অভিযান চালায়। অভিযানের সময়ই রিপন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার আসামি রিপন আহম্মেদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা জরীব উদ্দীনের ছেলে। অভিযানকালে তার শরীর থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস বুপ্রেনরফিন/কুকিজেসিক ইনজেকশন এবং একটি দেশীয় রামদা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, রিপন আহম্মেদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মোট সাতটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।"

এদিকে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র চলাচল রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।