পর্দায় রজনীকান্তের দাপট ৭৫ বছর বয়সেও বিন্দুমাত্র কমেনি। তাঁর হাঁটাচলা, চোখের চাহনি, সংলাপ বলার ধরন কিংবা সামান্য বিরতি—সবকিছুতেই দর্শককে মাতিয়ে রাখার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। সেই চিরচেনা ক্যারিশমার ওপর ভর করেই আবারও পর্দায় ফিরেছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান। ২০২৩ সালে ব্লকবাস্টার হিট হওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। পরিচালক নেলসন দিলীপকুমার সেই প্রত্যাশার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হয়েছেন। তবে সিনেমার প্রথমার্ধে যে দুর্দান্ত হাস্যরস আর জমজমাট বিনোদন ছিল, দ্বিতীয়ার্ধে এসে গল্পটি কিছুটা পথ হারিয়েছে বলে মনে হয়। বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি টাকার ব্যবসা করা এই সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
প্রথম সিনেমায় সাবেক কারারক্ষী মুথুভেল পান্ডিয়ানকে (রজনীকান্ত) দেখা গিয়েছিল একটি মূর্তি পাচারকারী অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করতে। তবে নতুন এই সিনেমায় তাঁকে দেখা যায় অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে ছোট্ট এক শহরে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাওয়া অবস্থায়। তিনি সেখানে একটি সুপারমার্কেটের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ নেন। কিন্তু অতীত কি এত সহজে পিছু ছাড়ে? স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পর আবারও প্রকাশ পেতে থাকে তাঁর আসল পরিচয়। একপর্যায়ে তিনি স্থানীয় ডন মূর্তির গাড়িচালক হিসেবে কাজ শুরু করেন। অন্যদিকে, মূর্তি পাচারকারী চক্রের সদস্যরা তাদের নেতার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে। এই সূত্র ধরেই মুথুভেলের সঙ্গে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়।
গল্পের কাঠামো খুব একটা নতুন কিছু নয়। অপরাধী চক্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের খুঁজে বের করা, তাদের সঙ্গে সংঘাত এবং একের পর এক বাধা পেরিয়ে নায়কের সামনে এগিয়ে যাওয়া—এটি বাণিজ্যিক অ্যাকশন সিনেমার একটি পরিচিত ছক। তবে নেলসনের আসল কৃতিত্ব গল্পের চেয়ে দৃশ্য নির্মাণে। পরিচিত গল্পকেও তিনি ছোট ছোট অদ্ভুতুড়ে ঘটনা, বিচিত্র চরিত্র আর ডার্ক হিউমারের মাধ্যমে উপভোগ্য করে তুলেছেন।
সিনেমার প্রথমার্ধ এই দিক থেকে বেশ আকর্ষণীয়। মুথুভেলকে শুরুতে নিরীহ, ভীতু কিংবা সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার সাথে সাথেই তাঁর ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ংকর টাইগার। এই রূপান্তরের দৃশ্যগুলোতে নেলসনের নিজস্ব নির্মাণশৈলীর ছাপ স্পষ্ট। বিশেষ করে গাড়ির ভেতর থেকে তাঁর পুরোনো পরিচয়ের প্রকাশ এবং চারপাশের চরিত্রগুলোর প্রতিক্রিয়া মিলিয়ে তৈরি দৃশ্যগুলোতে হাস্যরস ও অ্যাকশনের এক চমৎকার মিশেল পাওয়া গেছে।
একনজরে সিনেমা: ‘জেলার ২’
ধরন: অ্যাকশন-থ্রিলার
পরিচালনা: নেলসন দিলীপকুমার
অভিনয়: রজনীকান্ত, রজনীকান্ত, এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মোহনলাল, বিদ্যা বালান ও হৃতিক রোশন
স্ট্রিমিং : অ্যামাজন প্রাইম ভিডিও
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৫ মিনিট
নেলসনের সিনেমায় পার্শ্বচরিত্রগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ‘জেলার ২’-এও তার ব্যতিক্রম ঘটেনি। এমনকি কয়েকটি সংলাপ বলা নামহীন চরিত্রও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। সুরজ ভেঞ্জারামুডুর দিলীপ কিংবা নামো নারায়ণনের মূর্তি চরিত্রটি দর্শককে হাসাতে সক্ষম হবে। যোগী বাবুও নিজের জায়গা থেকে ভালো অভিনয় করেছেন। মজার বিষয় হলো, অনেক দৃশ্যে রজনীকান্ত নিজে হাস্যরসের কেন্দ্রবিন্দু না হয়ে অন্যদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। কখনো তাঁকে ঘিরেই অন্য চরিত্রের কৌতুক চলে, আবার কখনো তিনি হয়ে থাকেন একজন নির্বিকার দর্শক। এই বুদ্ধিদীপ্ত ব্যবহার সিনেমাটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
তবে বিরতির পর গল্পের ধরন বদলে যায়। সংঘাতের পরিসর বৃদ্ধি পায় এবং নতুন নতুন চরিত্রের আগমন ঘটে। গল্পের পটভূমি তামিলনাড়ু ও কেরালা থেকে বিস্তৃত হয়ে গোয়া পর্যন্ত পৌঁছে যায়। শত্রুপক্ষের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে মুথুভেলের লড়াই আরও বড় আকার ধারণ করে। এস জে সূর্যর বোদি কালপাক চরিত্রটি নিজের চেনা অদ্ভুতুড়ে অভিনয় দিয়ে গল্পে ভিন্নমাত্রা যোগ করেছেন। নেতিবাচক চরিত্রে সূরজ ভেঞ্জারামুডুও বেশ শক্তিশালী অভিনয় করেছেন।
এবারের সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো নতুন তারকাদের উপস্থিতি। বিদ্যা বালানকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। চরিত্রটির সম্ভাবনা থাকলেও তাঁকে আরও বেশি পরিসর দেওয়া যেত বলে মনে হয়। এ ছাড়া সিনেমায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশন। তাঁদের উপস্থিতি সিনেমাটিকে একটি বড় আয়োজনের বাণিজ্যিক ছবির রূপ দিয়েছে। তবে সব অতিথি চরিত্রই যে গল্পের জন্য অপরিহার্য ছিল, তা বলা যায় না।
কোথাও কোথাও মনে হয়েছে, কেবল তারকাদের উপস্থিতি দিয়ে দৃশ্যের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রথম ‘জেলার’-এ অতিথি চরিত্রগুলো গল্পের সঙ্গে বেশ স্বাভাবিকভাবে মিশে গিয়েছিল, কিন্তু সিক্যুয়েলে সেই স্বতঃস্ফূর্ততা কিছুটা কম মনে হয়েছে।
সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ধরা যায় দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য। প্রথম ভাগে যে ডার্ক কমেডি, অদ্ভুত পরিস্থিতি আর হালকা মেজাজ দর্শককে আকৃষ্ট করেছিল, পরে গিয়ে সেই সিনেমাই হঠাৎ গুরুগম্ভীর হয়ে ওঠে। পরিবারের প্রতি ভালোবাসা এবং প্রিয়জনকে রক্ষার জন্য যেকোনো সীমা অতিক্রম করার মানসিকতা—এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করেছেন পরিচালক। মুথুভেলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের পরিবারের মূল্যবোধের মিলও দেখানো হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে যে সিনেমা হাস্যরস আর অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়েছে, সেখানে হঠাৎ আবেগের ভার চাপিয়ে দেওয়ায় বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।
বিশেষ করে ছেলের মৃত্যুর শোক ও সেই বাস্তবতা মেনে নেওয়ার বিষয়টি আরও গভীরভাবে তুলে ধরার সুযোগ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি অনেকটা তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। পারিবারিক ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের অপহরণ করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেনা কৌশলে আটকে যায়। ফলে গল্পের আবেগ দর্শকের মনে খুব বেশি দাগ কাটতে পারে না। একই ধরনের সংঘাত ও অ্যাকশন দৃশ্য বারবার ফিরে আসায় দ্বিতীয়ার্ধে কিছুটা ক্লান্তিও অনুভূত হয়।
নেলসনের নির্মাণশৈলীর সীমাবদ্ধতাও এখানে স্পষ্ট। তাঁর ডার্ক কমেডি আর অদ্ভুত চরিত্রগুলো বেশ উপভোগ্য হলেও, সেই জগৎ থেকে সিরিয়াস আবেগের জায়গায় যেতে গিয়ে তিনি সব সময় সফল হন না। ‘জেলার ২’-এর ক্ষেত্রেও ঠিক সেটিই ঘটেছে। প্রথমার্ধের যে উন্মাদনা মুগ্ধ করে, দ্বিতীয়ার্ধে তার অনেকটাই হারিয়ে যায়।
সিনেমাটির কারিগরি দিক এই দুর্বলতা সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে। অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীত এই ছবির অন্যতম শক্তি। রজনীকান্তের পর্দায় উপস্থিতি, অ্যাকশন কিংবা সংলাপ—সবকিছুকেই বাড়তি মাত্রা দিয়েছে তাঁর সংগীত। কখন কোথায় সংগীতের গতি বাড়াতে হবে, আবার কখন নীরবতার কাছাকাছি থাকতে হবে, তা অনিরুদ্ধ ভালোভাবেই জানেন। ‘হুকুম’সহ পরিচিত গানের ব্যবহারও দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। ‘আলা বোলেলো’ গানটি বেশ প্রাণবন্ত হলেও ‘বিন্দাস’ ততটা মনে রাখার মতো হয়নি। নোরার ফাতেহির আইটেম গানটিও গল্পের সঙ্গে খুব একটা মানানসই মনে হয়নি।
চিত্রগ্রাহক বিজয় কার্তিক কান্নানের কাজও প্রশংসার দাবি রাখে। বড় আয়োজনের এই সিনেমাটির দৃশ্যায়নে রয়েছে চাকচিক্য এবং অ্যাকশনে রয়েছে গতিময়তা। গল্প যখন কিছুটা একঘেয়ে হয়ে পড়ে, তখন সংগীত ও দৃশ্যের সৌন্দর্য দর্শককে পর্দায় আটকে রাখতে সাহায্য করে।
দ্বিতীয়ার্ধে যতই ছন্দপতন ঘটুক, রজনী-ভক্তরা সেসব নিয়ে খুব একটা ভাবেন না। সিনেমায় যখন রজনীকান্ত আছেন, তখন এসব নিয়ে কে-ই আর ভাবে!