সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও এক্স-রে করানোর জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে সাধারণ রোগীদের। অথচ হাসপাতালেই সরকারের দেওয়া কয়েক লাখ টাকা মূল্যের একটি এক্স-রে মেশিন বিদ্যমান। তবে এই মেশিনের অস্তিত্ব সম্পর্কে অনেক রোগীই অবগত নন, কারণ দীর্ঘ এক যুগ ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই এক্স-রে মেশিনটি।
দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে মেশিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এক সময় যেখানে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কথা ছিল, সেখানে এখন কেবল অবহেলা আর অযত্নের ছাপ স্পষ্ট। ফলে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানোর প্রয়োজন হলে রোগীদের বাধ্য হয়ে হাসপাতালের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের জন্য এই অতিরিক্ত খরচ হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তির কারণ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বাকা গ্রামের মো. নাজমুল হাসান বলেন, “আমি কোনো দিনই এই হাসপাতালে এক্স-রে মেশিন দেখিনি। আমি তো মেনেই নিয়েছি, হয়তো উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন দেওয়া হয় না। ডাক্তার থাকেন না, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়।”
একই ধরনের কষ্টের কথা জানান মো. হোসেন। তিনি বলেন, “ভাঙা হাত নিয়ে চিকিৎসা নিতে এসেছি। পুনরায় আবার এক্স-রে করাতে হবে। তাই বাইরে থেকে এক্স-রে করাতে যাচ্ছি।”
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের আরও অভিযোগ রয়েছে যে, তারা প্রয়োজন অনুযায়ী সরকারি ওষুধ পাচ্ছেন না। এমনকি জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতেও টাকা গুনতে হচ্ছে। চিকিৎসকের সংকট থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা পাওয়ার পরিবর্তে নানা ধরনের বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীদের।
শুধু এক্স-রে মেশিন অচল থাকার অভিযোগই নয়, সরকারি ওষুধ না পাওয়া, চিকিৎসকের অভাব এবং জরুরি বিভাগে অর্থের বিনিময়ে সেবা নেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন রোগীরা। সব মিলিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে এসে নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ।
সরেজমিনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে ভবনে গিয়ে দেখা যায়, ভবনের মূল ফটকে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একজন কর্মী চাবি নিয়ে এসে তালা খুলে দেন। ভেতরে প্রবেশ করতেই আরও হতাশাজনক চিত্র চোখে পড়ে। এক্স-রে কক্ষের কোনো দরজা নেই। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে সরকারের কয়েক লাখ টাকা ব্যয়ে কেনা এক্স-রে মেশিনটি। মেশিনটির অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
কক্ষটির পরিবেশ ও মেশিনের অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে সেখানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, নিয়মিত যাতায়াতও নেই কারও। অথচ সরকারি অর্থ ব্যয়ে কেনা এই যন্ত্রপাতি সচল থাকলে প্রতিদিন অসংখ্য রোগীকে হাসপাতাল থেকেই এক্স-রে সেবা দেওয়া সম্ভব হতো।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে মেশিনটি অচল পড়ে থাকলেও তা সচল করার বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একপর্যায়ে এক্স-রে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে তাকে অন্যত্র বদলি করা হয়। ফলে জনবল ও যন্ত্রপাতি—উভয় সংকটের কারণে কার্যত বন্ধ হয়ে আছে এই গুরুত্বপূর্ণ সেবা।
উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টদায়ক। একদিকে হাসপাতালে এসে চিকিৎসকের জন্য দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে ছোটাছুটি—সব মিলিয়ে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে তাঁদের মধ্যে তীব্র হতাশা তৈরি হচ্ছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে বিভিন্ন সময়ে পরিবর্তন এলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। এক যুগের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরীক্ষার যন্ত্র অচল পড়ে থাকা শুধু অব্যবস্থাপনার চিত্রই তুলে ধরে না, বরং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও তদারকি নিয়েও বড় প্রশ্ন তৈরি করে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ শোয়াইবের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।