২০০৭ সালের ১৫ নভেম্বর। রাতের অন্ধকারে উপকূলীয় জনপদে আছড়ে পড়েছিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি ও গাছপালা। জলোচ্ছ্বাসের তীব্রতায় ভেসে যায় বিস্তীর্ণ জনপদ। সেই ভয়াল রাতে প্রাণে বেঁচে ফিরলেও স্বজন হারানোর যে গভীর ক্ষত, তা আজও বয়ে বেড়াচ্ছেন বরগুনার ঢালভাঙা গ্রামের বাসিন্দা মোসাম্মৎ মাহমুদা বেগম। সিডরের সেই স্মৃতি মনে পড়লে তিনি আজও আতঙ্কিত হয়ে পড়েন। ১৯ বছর অতিক্রান্ত হলেও টেকসই বেড়িবাঁধের অভাবের কারণে অতি উচ্চতার জোয়ারে এখনও প্লাবিত হয় তাদের বাড়িঘর। বছরের পর বছর বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস শুনলেও বাস্তবে তার প্রতিফলন না থাকায় তার মনে জমেছে তীব্র ক্ষোভ ও হতাশা।

১৯ বছরেও কাটেনি ক্ষত, আতঙ্কে উপকূলবাসী

একই এলাকার বাসিন্দা আসলাম খাঁন মুক্তকণ্ঠকে সিডরের বিভীষিকাময় স্মৃতি স্মরণ করে বলেন, ‘সিডরের সময় আমার স্ত্রী ও তিন বছরের মেয়েকে হারিয়েছি। পানির তীব্র স্রোত প্রথমে আমার হাত থেকে মেয়েকে কেড়ে নেয়। এরপর স্ত্রীকেও ধরে রাখতে পারিনি। অনেক চেষ্টা করেও স্ত্রী-সন্তানকে বাঁচাতে পারিনি। হাঁস-মুরগি, গরু-ছাগল, ঘরবাড়ি কিছুই অবশিষ্ট ছিল না। স্বজন হারানোর সেই ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি। বর্তমানে যে বেড়িবাঁধ আছে, তা ছোটখাটো ঘূর্ণিঝড় কিংবা অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের পানিও ঠেকাতে পারে না। পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যায়। আমরা শুধু শুনি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে; কিন্তু এখনো তা হয়নি।’

ঢালভাঙা গ্রামের মো. ফারুক মুক্তকণ্ঠকে বলেন, ‘সিডরের সময় পানির তীব্র স্রোতে ভেসে দুই কিলোমিটার দূরের একটি গ্রামে চলে গিয়েছিলাম। প্রাণ বাঁচাতে বড় বড় গাছে আশ্রয় নিয়েছিলাম। এ এলাকায় অসংখ্য মানুষ মারা গেছেন। কিন্তু সিডরের সময় বেড়িবাঁধের যে অবস্থা ছিল, এখনো সেই অবস্থাই রয়েছে। জনপ্রতিনিধিরা বারবার বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। দুর্যোগের আশঙ্কা দেখা দিলেই এখনো আতঙ্কে দিন কাটে আমাদের।’

সিডরে লন্ডভন্ড নলটোনা, প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ

২০০৭ সালের সিডর আঘাতের সময় বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রাম ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সে সময় গ্রামটিতে কোনো টেকসই বেড়িবাঁধ ছিল না। সাগরের মোহনার কাছাকাছি অবস্থানের কারণে সেদিন সেখানে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১০ থেকে ২০ ফুট। ঝড় থেমে যাওয়ার পর সেখানে দেখা গিয়েছিল এক বিভীষিকাময় দৃশ্য। লন্ডভন্ড হয়ে গিয়েছিল গ্রামের চেনা পথঘাট। বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় অর্ধশতাধিক মানুষের মরদেহ।

নলটোনা গ্রামের বাসিন্দা ইদ্রিস হোসেন জানান, ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তিনি প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন তার স্ত্রীকে। তার আক্ষেপ, যদি উঁচু ও টেকসই বেড়িবাঁধ থাকত তবে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হতো না। ১৯ বছর ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা শুনে আসছেন তিনি, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি।

একই এলাকার বাসিন্দা খাদিজা বেগম বলেন, ‘প্রতিবার বন্যা হলেই আমাদের বেড়িবাঁধ ভেঙে যায়। আমরা নদীর পাড়ের মানুষ। ঘূর্ণিঝড় হলে ঘরে থাকতে পারি না। বাড়িঘর ছেড়ে অনেক দূরে গিয়ে থাকতে হয়। আমাদের দাবি একটাই—টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। ঘূর্ণিঝড় সিডরের সেই রাতের কথা আজও ভুলতে পারিনি। চোখের সামনে কত মরদেহ ভাসতে দেখেছি।’

বরগুনায় ১৩৪৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৮৪ কিলোমিটার বাঁধ

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে উপকূলীয় জেলা বরগুনায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। বিধ্বস্ত হয় জেলার প্রায় ৭৭ হাজার ঘরবাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয় ৪৮৪ কিলোমিটার বেড়িবাঁধ। ভয়াবহ সেই দুর্যোগের পর থেকে উপকূল রক্ষায় উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি।

সংস্কারে ৪০ কোটি টাকা ব্যয়ের পরও বাঁধ নিয়ে প্রশ্ন

স্থানীয় পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, উপকূলীয় জেলা বরগুনার মানুষের প্রধান দাবি হলো টেকসই বেড়িবাঁধ। জলবায়ুর বিরূপ প্রভাবে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে নদীতীরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই উপকূল রক্ষায় সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল মুক্তকণ্ঠকে বলেন, ‘২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিডরে বরগুনার প্রায় ৪০০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত পাঁচ বছরে বরগুনা জেলায় বেড়িবাঁধ সংস্কারে ৪০ কোটি টাকা ব্যয় হতে দেখেছি। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের নামে এই ব্যয়ের পরিমাণ আরও বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে নির্মিত বেড়িবাঁধ আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দায়সারা সংস্কার ও দুর্নীতির কারণে উপকূলের মানুষের জানমাল রক্ষা পাচ্ছে না। জনগণের জানমাল রক্ষায় বেড়িবাঁধ সংস্কারের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

ঝুঁকিতে ৭২ কিলোমিটার বাঁধ, প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান মুক্তকণ্ঠকে বলেন, উপকূলের মানুষের জানমাল রক্ষায় ধারাবাহিকভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বরগুনা জেলার ২২টি পোল্ডারের আওতায় প্রায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় প্রায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনকবলিত হওয়ায় ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ভাঙন রোধে ১২ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বাকি ৬২ কিলোমিটার বাঁধ স্থায়ীভাবে নির্মাণের জন্য প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ৭২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ স্থায়ীভাবে নির্মাণ করা হলে বরগুনার উপকূলীয় এলাকা অনেকটাই সুরক্ষিত হবে।