এক সময় জেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা হিসেবে পরিচিত ছিলেন কামাল উদ্দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন পাওয়ার তীব্র ইচ্ছা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি তিনি। তাঁর দাবি অনুযায়ী, মনোনয়ন নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিসহ দলের প্রভাবশালী নেতাদের নগদ ও চেকে মোট ৩০ লাখ টাকা দিয়েছিলেন তিনি, তা সত্ত্বেও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এই অর্থ ফেরত চেয়ে একটি মামলা করার মাধ্যমেই প্রথমবারের মতো জনসমক্ষে আলোচনায় আসেন কামাল উদ্দিন। তবে সেই মামলার পর তাঁকে দলীয় সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মামলা দায়ের এবং বহিষ্কারের এই ঘটনাটি ঘটেছিল প্রায় চার বছর আগে। তবে সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে দাবি করে নতুন করে আলোচনায় এসেছেন কামাল উদ্দিন। মূলত আওয়ামী লীগের পলাতক নেতাদের তীব্র সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে গত দেড় বছর ধরে তিনি বেশ আলোচিত হয়ে উঠেছেন।
পেশায় আইনজীবী কামাল উদ্দিনের স্থায়ী নিবাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি একসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে আত্মগোপনে থাকা এবং পালিয়ে যাওয়া নেতাদের তীব্র সমালোচনা শুরু করেন কামাল। তিনি একের পর এক পোস্ট ও ভিডিও আপলোড করতে থাকেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্ট ও ভিডিওতে তিনি নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ হিসেবে পরিচয় দিতে থাকেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। খবর পাওয়া যায় যে, রাতে ১৫-২০ জন লোক তাঁর বাসা ঘেরাও করেছেন, এই পরিস্থিতি বিবেচনা করে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর পুলিশ হেফাজতে নিয়ে আসে। কিন্তু তাঁর কোনো আত্মীয়স্বজন থানায় আসেননি। এ জন্য কারও জিম্মায় যে তাঁকে ছেড়ে দেওয়া হবে, সে সুযোগও ছিল না। এ ছাড়া তাঁর বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছে। তাই তাঁকে আদালতের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তিনি জামিন পেয়েছেন।”
‘নন-পলাতক আওয়ামী লীগ’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। টানা প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। সরকার পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান এবং অনেকে দেশের বাইরে পালিয়ে যান।
এই প্রেক্ষাপটে আত্মগোপনে ও পালিয়ে থাকা নেতাদের সমালোচনা করে ফেসবুক ও টিকটকে একের পর এক ভিডিও ও পোস্ট দিতে থাকেন কামাল উদ্দিন। এসব কন্টেন্ট দ্রুত ভাইরাল হয় এবং তিনি নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ হিসেবে উপস্থাপন করতে থাকেন। তাঁর বক্তব্যের মূল দাবি ছিল, দলের নেতারা বিদেশে বা আত্মগোপনে থেকে কর্মীদের রাজপথে আন্দোলনের আহ্বান জানালেও বিপদের সময়ে তাঁদের পাশে থাকছেন না।
এমন বক্তব্য দেওয়ার মাধ্যমে কামাল উদ্দিন নিজেকে অন্যান্য নেতাদের চেয়ে আলাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাঁর মতে, দলের দুঃসময়ে নেতাদের আত্মগোপনে না থেকে মাঠে থাকা উচিত। এই আদর্শ থেকেই তিনি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের উদ্যোগ নেন।
গত ৮ অক্টোবর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেকে এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন। একই সঙ্গে দেশের ৬৪টি জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান এবং আগ্রহীদের জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানান।
এরপর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন তিনি। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনে তৎপর হন এবং নিজের ফেসবুক পেজে একের পর এক কমিটির ঘোষণা দিতে থাকেন। তাঁর এই কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
সম্প্রতি তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে অভিযোগ করেন কামাল উদ্দিন। গত ১৫ অক্টোবর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, “আমি অ্যাডভোকেট কামাল উদ্দিন। সভাপতি নন–পলাতক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে আমার ৫২ হাজার এর অধিক ফলোয়ার (অনুসারী)–বিশিষ্ট যে ফেসবুক পেইজটি ছিল, সেই অ্যাকাউন্টটি বট বাহিনী হ্যাক করে ফেলেছে কিছুদিন আগে। এখন থেকে আমি নিয়মিত এই আইডিতে থাকব, এটাই আমার পেজ। নিয়মিত এই আইডি থেকে কমিটি দেওয়া হবে। নন–পলাতক আওয়ামী লীগ জিন্দাবাদ।”
পুলিশি হেফাজতে নেওয়া কামাল উদ্দিনের বিষয়ে নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান মুক্তকণ্ঠকে বলেন, কামাল উদ্দিনের বিরুদ্ধে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই। কিন্তু শুক্রবার রাতে ১৫-২০ জন লোক তাঁর বাসা ঘেরাও করেছেন, এমন খবর আসে। এরপর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তিনি আরও বলেন, কারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন, তাঁদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। চিহ্নিত করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়ন পেতে টাকা দেওয়ার অভিযোগ
২০২২ সালে সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩০ লাখ টাকা দেওয়ার অভিযোগ তুলে প্রথমবার আলোচনায় এসেছিলেন কামাল উদ্দিন। মনোনয়ন পাওয়ার জন্য অর্থের লেনদেনের এই বিষয়টি তখন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
কামাল উদ্দিনের অভিযোগ ছিল, সাতকানিয়ার সোনাকানিয়া ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ নেন। পরবর্তীতে চট্টগ্রাম-৮ আসনের তৎকালীন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের (বর্তমানে প্রয়াত) নামে আরও ১৫ লাখ টাকার একটি চেক নেন তিনি।
কামাল উদ্দিনের দাবি, মনোনয়ন না পাওয়ার পর তিনি টাকা ও চেক ফেরত চান। কিন্তু তা ফেরত না পেয়ে তিনি আদালতে মামলা করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
অন্যদিকে, মোছলেম উদ্দিন আহমেদের নামে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ ফেসবুকে পোস্ট করার কারণে কামাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হোসেন কবির। ওই মামলাটিও তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে মোছলেম উদ্দিন তখন এই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন।