কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক মাদ্রাসাশিক্ষকসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাসটিতে থাকা অন্তত ২০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। আজ ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি যখন কেরানীহাট এলাকায় পৌঁছায়, তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি মহাসড়কের পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায়। ওই বাসটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নেমে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের ধারণা, দ্রুতগতি ও চালকের চোখে ঘুম থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস বর্তমানে থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’