চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলা পরিষদের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এই ঘটনাটি ঘটে।
সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী মুক্তকণ্ঠকে জানান, একটি চারতলা ভবনে তাদের শাখার কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার সময় ভবনটিতে একজন নিরাপত্তাকর্মীসহ মোট ১২ জন ব্যক্তি অবস্থান করছিলেন। রাত দুইটার দিকে হঠাৎই ভবনের মূল ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ভবনে উপস্থিত নিরাপত্তাকর্মী দ্রুত আগুনের উপস্থিতি টের পেয়ে অন্যদের সতর্ক করেন। এরপর উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মীর লায়েক আলী আরও বলেন, ‘ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই লাগুন লাগিয়ে দেওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আগুনে শুধু মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ভেতরে থাকা টেবিল, আসবাব ও অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।’
পুলিশি তদন্তে জানা গেছে, ভবনের মূল ফটকের পাশে দুটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকৃত ওই বোতলগুলো দেখে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে জ্বালানি বহন করে এনেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম মুক্তকণ্ঠকে বলেন, ‘বোতলে জ্বালানি এনে ফটকে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ভবনের ভেতরে আগুন ছড়িয়ে পড়েনি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’