প্রবীণ ব্যক্তিরা প্রায়ই তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নানা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। তবে বর্তমান সময়ের অনেক তরুণই এই ‘বুড়োদের কথা’ শুনতে বা গ্রহণ করতে খুব একটা আগ্রহী হন না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, ভবিষ্যতের আপনি যদি আজকের আপনাকে কিছু পরামর্শ দিতেন, তবে তা কেমন হতো?

প্রশ্নটি শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে যে, অতীত কিংবা ভবিষ্যতের নিজের সঙ্গে বর্তমানের আপনি কি কখনো কথা বলেন? বাস্তবিকভাবে চিন্তা করলে, একটি ‘টাইম মেশিন’ ছাড়া সময়ের সীমানা পেরিয়ে যাওয়া অসম্ভব। তবে মানসিকভাবে এই প্রক্রিয়াটি খুব একটা কঠিন নয়।

আপনি চাইলে খুব সহজেই আপনার অতীতের সঙ্গে কথা বলতে পারেন। অনেক সময় আমরা মনে মনে ভাবি, ‘কেন যে সেদিন ওই কাজ করলাম না?’ এই আক্ষেপের কথা যখন আপনি ভাবছেন, তখন আসলে আপনি সেদিনের আপনাকে অর্থাৎ আপনার অতীতের সত্তাকেই লক্ষ্য করে কথা বলছেন। যেহেতু আপনি আপনার অতীত এবং বর্তমান—উভয়কেই চেনেন, তাই এই কথোপকথন চালানো সহজ হয়।

আঠারো শতকের দার্শনিকদের রচনায় ভবিষ্যতের ‘আমি’ বা নিজের ভবিষ্যৎ সত্তার বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। বর্তমান যুগের মনোবিজ্ঞানীরাও এই বিষয়টি নিয়ে গভীর গবেষণা চালাচ্ছেন। তবে সমস্যা হলো, ভবিষ্যতের আপনি এখন কেমন হবেন, তা আপনি এখনো জানেন না। ফলে তাঁর সঙ্গে আলাপচারিতা কিছুটা জটিল মনে হতে পারে। তবে আপনি ভবিষ্যতে নিজেকে যেভাবে দেখতে চান, তেমন একটি ছবি কল্পনা করে নিতে পারেন। পাশাপাশি আপনার চারপাশের পরিবেশের যে পরিবর্তন আসতে পারে, তা-ও কল্পনা করুন। এই কল্পনার মাধ্যমেই আপনি ভবিষ্যতের নিজের সঙ্গে কথা বলতে পারবেন, যা আপনার বর্তমান জীবনকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে সহায়ক হতে পারে।

ভবিষ্যতের নিজের কাছে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন। এতে বর্তমানে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, তা আরও স্পষ্টভাবে বোঝা যাবে। নিজেকে এই প্রশ্নগুলো করুন—

“তুমি কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গর্বিত? কেন?”

“সময়ের সঙ্গে তুমি কীভাবে বদলেছ?”

“কোন কাজগুলো করার জন্য তোমার আক্ষেপ হয়?”

“কোন কাজগুলো না করার জন্য তোমার আক্ষেপ হয়?”

“কোন মানুষ বা কোন জিনিসগুলোর অভাব তুমি সবচেয়ে বেশি বোধ করো?”

“কোন সময়গুলোকে তুমি বারবার ফিরে পেতে চাও?”

“এখন আমার কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত?”

“কোন বিষয়গুলো নিয়ে এখন একটু কম ভাবলেও ক্ষতি নেই?”

বয়সের সাথে সাথে মানুষের চিন্তার জগৎ সমৃদ্ধ হয় এবং জীবনবোধ আরও পরিণত হয়। নিজের ও অন্যের জীবনের নানা পরিণতির মধ্য দিয়ে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। এই অভিজ্ঞতার আলোকেই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তরুণদের উপদেশ দেন। গবেষণায় দেখা গেছে, যদি সত্যিই ‘টাইম ট্রাভেল’ করা সম্ভব হতো, তবে প্রবীণরা তাঁদের তরুণ বয়সের নিজেকে ঠিক এই ধরনের উপদেশই দিতেন:

“নিজের যত্ন নাও। ভালো থাকতে হলে সুস্থ থাকতেই হবে। সবার খেয়াল রাখতে গিয়ে নিজের শরীর বা মনকে অবহেলা করো না। মনের কথা শোনো। তবে খেয়াল রেখো, আজ যে কারণে তুমি জীবন দিতে প্রস্তুত, ১০ বছর পর সেটাই তোমার কাছে মূল্যহীন হয়ে পড়তে পারে।”

“সম্পর্কের যত্ন নাও। কাছের মানুষদের জন্য সময় বের করো। হয়তো যখন তুমি সময় ‘পাবে’, তখন সেই মানুষগুলোকে আর পাবে না। কিংবা মানুষগুলো থাকলেও সুন্দর সময়গুলো আর পাবে না।”

“ভুল মানুষকে এড়িয়ে চলো। জীবনসঙ্গী ও বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। অনেক বন্ধু থাকাটা জরুরি নয়। কিন্তু ‘ভালো বন্ধু’ থাকা জরুরি।”

“ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো।”

“সুযোগ এলে সদ্ব্যবহার করো। তবে অতিরিক্ত ঝুঁকি নিয়ো না।”

“নিজেকে ফাঁকি দিয়ো না। যা শেখার, তা শেখো। যা চর্চা করার, চর্চা করো। তোমার কাজ, তোমার কথা, তোমার আচরণ—এসবই পৃথিবীর বুকে তোমার চিহ্ন।”