‘জীবিত অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ মনোবিজ্ঞানবিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর শিকারপুর এলাকায় অবস্থিত ‘আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ প্রাঙ্গণে এই দিনব্যাপী আয়োজনের কথা জানা যায়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ‘আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ এবং ‘মনোকর্ণ ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চ’।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোকর্ণ ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চের পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা রায়হানুল সাদেক এবং আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আসক্তি নিরাময় বিশেষজ্ঞ দিদার আলম।
কর্মসূচির অংশ হিসেবে বিশেষ বিষয়ভিত্তিক সেশন ও কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ‘হাসির মাধ্যমে পারস্পরিক কার্যকারিতা বৃদ্ধি’ এবং একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন ‘মানসিক চাপ ব্যবস্থাপনা’ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
এই বিশেষ আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং সরকারি সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণমূলক মনোবিজ্ঞান কর্মশালা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন, দলগত কার্যক্রম, আন্তঃপ্রতিষ্ঠান যোগাযোগ বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় সেশনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
মানসিক স্বাস্থ্যসেবাকে আরও যুগোপযোগী, অংশগ্রহণমূলক এবং সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘মনোকর্ণ’ খেলাধুলার মাধ্যমে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য ‘প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা’ প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আয়োজন প্রসঙ্গে রায়হানুল সাদেক জানান, “শুধু পাঠ্যপুস্তক ও শ্রেণিকক্ষের প্রাতিষ্ঠানিক সীমানায় আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্তি এবং বিভিন্ন মানসিক স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জের বাস্তব প্রভাব ও নিরাময়প্রক্রিয়া সরাসরি অনুধাবন করার সুযোগ পান।”
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।